আলমডাঙ্গায় ভাইয়ের হাতে ভাই, ভাতিজার হাতে চাচা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে দুজন খুন হয়েছেন। গতকাল বুধবার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া ও সাহেবপুর গ্রামে এ দুটি খুনের ঘটনা ঘটে। এর মধ্যে হাটবোয়ালিয়ায় ভাতিজার হাতে চাচা এবং সাহেবপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তিরা গা ঢাকা দিয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের হাটবোয়ালিয়া বাজারপাড়ার নজরুল ইসলাম বিশ্বাস (৬২) ও গাংনী ইউনিয়নের সাহেবপুর গ্রামের কলম আলী (৩৭)। নজরুল ইসলামকে গলা টিপে এবং কলম আলীকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাড়িতে যাতায়াতের রাস্তার জমি নিয়ে নজরুল ইসলামের সঙ্গে তাঁর ভাতিজা শরিফ উদ্দীন বিশ্বাসের বিরোধ চলে আসছিল। দীর্ঘদিনের বিরোধের জের ধরে গতকাল সকালে এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে শরিফ উদ্দীন চাচা নজরুলের গলা টিপে ধরলে শ্বাসরোধে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নেয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাওসার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে সাহেবপুর গ্রামে জমির সীমানা নিয়ে আজমত আলীর ছেলে কলম আলী ও আকরাম আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, ওই বিরোধের জেরে গতকাল দুপুর ১২টার দিকে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই আকরাম আলী হাতে থাকা কোদাল দিয়ে বড় ভাই কলম আলীর মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর জখম হন। স্বজন ও প্রতিবেশীরা কলম আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হারদী) নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরে আলমডাঙ্গা থানা-পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। ঘটনাস্থলে উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গাংনী ইউপি চেয়ারম্যান আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী রাসেল জানান, জমি নিয়ে বিরোধের জের ধরেই ওই দুটি খুনের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুটি ঘটনায়ই মামলা প্রক্রিয়াধীন রয়েছে।