চট্টগ্রামে বিটিসিএলের কার্যালয়ে দুদকের অভিযানে আটক ৩
আলমারি ও রেজিস্ট্রার বইয়ে ৮৫ লাখ টাকার সঞ্চয়পত্র!

পেনশনের ফাইল ছাড়ার জন্য অবসরে যাওয়া এক কর্মকর্তার কাছে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) চট্টগ্রামের নন্দনকানন কার্যালয়ের দুই কর্মচারী। কথামতো ঘুষ নিয়ে তিনি কার্যালয়ে হাজির হন। টাকা নেওয়ার সময় গতকাল বুধবার হাতেনাতে দুই কর্মচারীকে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
পরে কার্যালয়ের প্রধান সহকারী ও বিভাগীয় প্রকৌশলীর (অভ্যন্তরীণ) কক্ষের আলমারি ও রেজিস্ট্রার বই তল্লাশি করে ২ লাখ ৩৪ হাজার টাকা ও ৮৫ লাখ টাকার সঞ্চয়পত্র জব্দ করা হয়। এ ঘটনায় আটক করা হয়েছে বিভাগীয় প্রকৌশলীকেও। আটক তিনজন হলেন বিটিসিএলের নন্দনকানন কার্যালয়ের বিভাগীয় প্রকৌশলী (অভ্যন্তরীণ) প্রদীপ দাশ, প্রধান সহকারী মো. গিয়াস উদ্দিন ও টেলিফোন অপারেটর মো. হুমায়ুন কবির।
দুদক সূত্র জানায়, বিটিসিএলের সাবেক উপসহকারী প্রকৌশলী মো. আবুল কাশেম ভুঁইয়া ছয় মাস আগে অবসর নেন। কিন্তু তাঁর পেনশনের ফাইলটি তৈরি করে দিতে গড়িমসি করছিলেন গিয়াস উদ্দিন। সম্প্রতি এই কাজের জন্য ঘুষ দাবি করেন গিয়াস ও হুমায়ুন কবির। এ ঘটনায় দুদক চট্টগ্রাম কার্যালয়ে অভিযোগ করেন আবুল কাশেম। দুদক কর্মকর্তারা গিয়াস ও হুমায়ুনকে হাতেনাতে ধরার পরিকল্পনা করে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে আবুল কাশেম নন্দনকানন কার্যালয়ে ২০ হাজার টাকা নিয়ে যান। টাকা নেওয়ার সময় দুদকের উপসহকারী পরিচালক মানিক লাল দাশের নেতৃত্বে একটি দল হাতেনাতে ওই দুজনকে আটক করে।
পের গিয়াস উদ্দিনের কক্ষ তল্লাশি করে তাঁর ড্রয়ার, আলমারি ও রেজিস্ট্রার বইয়ে লুকিয়ে রাখা ৮০ হাজার টাকা ও ৮৩ লাখ টাকার সঞ্চয়পত্র উদ্ধার করেন দুদকের কর্মকর্তারা। টেলিফোন অপারেটরের স্বীকারোক্তি অনুযায়ী বিভাগীয় প্রকৌশলীর (অভ্যন্তরীণ) কক্ষে তল্লাশি চালিয়ে আলমারি থেকে ১ লাখ টাকা ৫৪ হাজার টাকা ও দুই লাখ টাকার সঞ্চয়পত্র উদ্ধার করা হয়। অবশ্য বিভাগীয় প্রকৌশলী এই অর্থের সঙ্গে নিজের সম্পৃক্ততা নেই বলে দাবি করেন।
অভিযান চালানোর সময় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির রহমান উপস্থিত ছিলেন। আটকের পর বিভাগীয় প্রকৌশলী প্রদীপ দাশ প্রথম আলোর কাছে দাবি করে বলেন, তিনি এ ঘটনার কিছুই জানেন না। কক্ষের সব চাবি কর্মচারীদের কাছে থাকে। তাঁরাই কক্ষের আলমারি ব্যবহার করে।
দুদক চট্টগ্রামের বিভাগীয় পরিচালক আবদুল আজিজ ভুঁইয়া বলেন, ঘুষ চাওয়ার অভিযোগ পাওয়ার পর ফাঁদ পেতে দুজনকে আটকের পর তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও সঞ্চয়পত্র পাওয়া গেছে। বিভাগীয় প্রকৌশলীর কক্ষ থেকেও টাকা পাওয়া গেছে। ঘটনায় জড়িত সন্দেহে তাঁকেও আটক করা হয়েছে।