আলমারিতে থাকা লাশটি চাঁপাইনবাবগঞ্জের মান্টুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ওয়ারী থানার ভগবতী ব্যানার্জি রোডে কাঠের আলমারি থেকে ১ সেপ্টেম্বর উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের আম ব্যবসায়ী মো. মান্টু ওরফে বান্টু (৩৫)।
ওয়ারী থানার পুলিশ জানিয়েছে, যাত্রাবাড়ীর ফল ব্যবসায়ী হিমেল হাসান ওরফে ফরিদের কাছে আম বিক্রি বাবদ পাওনা টাকা নিতে মান্টু গত ৩০ আগস্ট ঢাকায় এসে হিমেলের বাসায় উঠেছিলেন। ওই বাসায় রাতে ঘুমন্ত মান্টুকে হত্যা করে কাঠের আলমারিতে লাশ ঢুকিয়ে বাসা পাল্টানোর জন্য ভ্যান ভাড়া করে শেরেবাংলা বালিকা উচ্চবিদ্যালয়ের পাশে ভগবতী ব্যানার্জি রোডে ফেলে আসা হয়। ১ সেপ্টেম্বর সকালে ওয়ারী থানার পুলিশ আলমারি থেকে অজ্ঞাত হিসেবে মান্টুর লাশ উদ্ধার করে। পুলিশ এ ব্যাপারে হত্যা মামলা করে। শাহজাহান জানান, আমের টাকা নিতে ঢাকায় এসে হিমেলের বাসায় উঠেছিলেন মান্টু। এর পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
ওয়ারী থানার ওসি তপন চন্দ্র সাহা গতকাল মঙ্গলবার বলেন, শাহজাহানের কথা শুনে হিমেলকে খোঁজা শুরু করে পুলিশ। কিন্তু চলতি মাসেই তিনি বাসা বদল করেন। গত শনিবার হিমেলের স্ত্রী শাহীনুর হাসানকে গ্রেপ্তার করে চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। শাহীনুর জানান, পাওনা টাকা মেরে দিতে তাঁর স্বামী ও স্বামীর ব্যবসায়িক অংশীদার মাসুদ খন্দকার, ইমরান হোসেন ও রহমান মিলে মান্টুকে হত্যার পরিকল্পনা করেন।