প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আলাওল হলের আটটি কক্ষ ও একটি মেসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রড, হকিস্টিক, লাঠিসোঁটা ও জিহাদি বই উদ্ধার করেছে পুলিশ। কক্ষগুলো শিবির-নিয়ন্ত্রিত বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় হলের আটটি কক্ষ সিলগালা করে দেওয়া হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র আছে, এমন তথ্যের ভিত্তিতে প্রশাসনের সহযোগিতায় পুলিশ এ অভিযান চালায়। এ ঘটনায় আটটি কক্ষ সিলগালা করে দেওয়া হয়েছে। ওই কক্ষে যাঁরা থাকেন, তাঁদের বিষয়ে হল কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।’
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইল প্রথম আলোকে বলেন, ‘শিবির সন্দেহে তিন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’