
বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের আলামত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) ল্যাবরেটরিতে পরীক্ষা করবে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর অনুমতির জন্য ডিবির পক্ষ থেকে আদালতে আবেদন করা হবে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম গতকাল সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন।
এ মামলার তদন্তে সহায়তা করতে আসা এফবিআই সদস্যরা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সিআইডি কীভাবে আলামত সংগ্রহ করেছে, এফবিআইয়ের কর্মকর্তারা তা জানতে চান। মামলাটি তদন্ত করছে ডিবি পুলিশ।
গত ২৬ ফেব্রুয়ারি রাতে অমর একুশে বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী রাফিদা আহমেদ আহত হন। রাফিদাকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়।
ডিবি পুলিশ জানায়, অভিজিৎ হত্যাকাণ্ডের পর পুলিশ ঘটনাস্থল থেকে দুটি চাপাতি ও একটি ব্যাগ সংগ্রহ করে। ওই ব্যাগে কয়েকটি পত্রিকা ভাঁজ করা ছিল। পুলিশের ধারণা, চাপাতিগুলো মোড়ানোর কাজে এসব পত্রিকা ব্যবহার করা হয়। এ ছাড়া জিন্স প্যান্ট ও কয়েকটি ট্যাবলেট পাওয়া যায়। ওই ব্যাগটি ল্যাপটপ রাখার উপযোগী বলে জানা গেছে।
ডিবির কর্মকর্তারা বলেন, এসব আলামত এফবিআইয়ের ল্যাবে পরীক্ষা করলে এর ভেতরে কোনো ডিএনএ নমুনা আছে কি না, তা জানা যাবে। এফবিআই এসব আলামতে কোনো ব্যক্তির আলামত থাকলে তা সংগ্রহ করতে পারবে। তবে নিয়ম অনুসারে আদালতের অনুমতি না নিয়ে এসব আলামত সিআইডি ছাড়া অন্য কোনো ল্যাবে পরীক্ষা করা যাবে না।
মনিরুল ইসলাম বলেন, অভিজিৎকে হত্যার হুমকি দিয়ে বা ফেসবুকে যারা মন্তব্য করেছিল এমন ১০ জনের একটি তালিকাও পুলিশ তৈরি করেছে। সেই তালিকা ধরে তদন্ত এগিয়ে যাচ্ছে। শফিউর রহমান ফারাবীর ফেসবুকে মন্তব্য করে যারা উৎসাহ দিয়েছে, তারা এ হত্যায় জড়িত থাকতে পারে। তিনি বলেন, ফারাবীকে তারা গুরু মনে করে। কিন্তু ফারাবী এ হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন, না অন্যরা করেছে, সেটা তদন্ত করা হচ্ছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, যারা হুমকি দিয়েছিল, তারা প্রায় সবাই ছাত্র। এ মামলায় গ্রেপ্তার করা ফারাবী ১০ দিনের রিমান্ডে আছেন।