টাঙ্গাইলের ধনবাড়ীতে চলন্ত বাসে পোশাকশ্রমিককে ধর্ষণের ঘটনায় আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এ ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঁদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গতকাল শনিবার টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আক্রান্তের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক রেহানা পারভীনের নেতৃত্বে তিন সদস্যের একটি চিকিৎসক দল এই পরীক্ষা করেন। রেহানা পারভীন প্রথম আলোকে বলেন, তাঁরা পরীক্ষা-নিরীক্ষা করে ধর্ষণের আলামত পেয়েছেন।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বাসচালক হাবিবুর রহমান ওরফে নয়ন (৩৪), চালকের সহযোগী খালেক আলী ওরফে ভুট্টো (৩০) এবং বাসের তত্ত্বাবধায়ক (সুপারভাইজার) রেজাউল করিম। বাসটিও জব্দ করা হয়েছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত তিনজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পুলিশের একটি দল ঘটনাটি তদন্ত করছে।
মামলার তদন্ত কর্মকর্তা ধনবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) হাসান মোস্তফা বলেন, গ্রেপ্তারকৃতদের গতকাল বিকেলে টাঙ্গাইল মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। চালকের সহযোগী খালেক আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর আসামি হাবিবুর ও রেজাউলকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারক লুনা ফেরদৌস দুই আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
হাসপাতালে চিকিৎসাধীন ওই পোশাকশ্রমিক সাংবাদিকদের বলেন, গত বৃহস্পতিবার তিনি ধনবাড়ীর দত্তবাড়ি গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। শুক্রবার ভোরে সেখান থেকে তিনি গাজীপুরের সফিপুরে কর্মস্থলে ফিরতে ধনবাড়ী বাসস্ট্যান্ডে যান এবং ঢাকাগামী একটি বাসে ওঠেন। ওই বাসে তিনি ছাড়া আর কোনো যাত্রী ছিল না। কিছু দূর যাওয়ার পর বাসচালক, চালকের সহযোগী ও তত্ত্বাবধায়ক গামছা দিয়ে মুখ বেঁধে তাঁকে ধর্ষণ করেন। এরপর তাঁকে মধুপুর উপজেলা সদর থেকে কয়েক কিলোমিটার দূরে ময়মনসিংহ সড়কে নামিয়ে দেওয়া হয়। তখন ওই পোশাকশ্রমিক বুঝতে পারেন বাসটি ঢাকার দিকে না গিয়ে ময়মনসিংহের দিকে গেছে। পরে তিনি স্বামীর সঙ্গে যোগাযোগ করেন। স্বামীর পরামর্শে তিনি সেখান থেকে বাসে গাজীপুরের সফিপুরে চলে যান।
আক্রান্তের স্বামী টাঙ্গাইলের কয়েকজন পরিবহন শ্রমিকনেতাকে জানান। শ্রমিকনেতারা তাঁদের টাঙ্গাইল পরিবহন শ্রমিক কার্যালয়ে ডেকে পাঠান। সেখানে কয়েকজন শ্রমিককে হাজিরের পর তিনজনকে চিহ্নিত করেন পোশাকশ্রমিক।
আক্রান্তের স্বামী বলেন, শ্রমিকনেতারা মামলা না করে মীমাংসার জন্য চাপ দেন। কিন্তু তাঁরা তা মানেননি। পরে ওই পোশাকশ্রমিককে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। রাতেই ঘটনায় জড়িত তিনজন এবং তিন শ্রমিকনেতাকে আসামি করে তাঁর স্বামী ধনবাড়ী থানায় মামলা করেন।