আলিয়া মাদ্রাসায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ
রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক পক্ষের হামলায় ছাত্রলীগের অন্য পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল তাঁদের পাঁচজন হাসপাতাল ছেড়ে চলে যান।
পুলিশ ও হাসপাতাল সূত্র বলেছে, সম্প্রতি ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। ছাত্রলীগের নেতা শাহাদত হোসেন ওরফে নিলয় ও সোলায়মান দুজন মাদ্রাসা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান সভাপতি প্রার্থী। সন্ধ্যায় শাহাতদের সমর্থকেরা আল্লামা কাশগারী হলে বসে আড্ডা দিচ্ছিলেন।
এ সময় সোলায়মানের নেতৃত্বে তাঁর সমর্থকেরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে শাহাদতের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে শাহাদতের সমর্থক মাহমুদ হাসান, আবদুর রাকিব, জুলহাস, ফেরদৌস, বাবু, আমিরুল ইসলাম ও শাহীনসহ ১০ জন আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে আমিরুলকে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়।