আলীকদমে আরও একজনের লাশ উদ্ধার
বান্দরবানের আলীকদম উপজেলার লাংড়ি ম্রো পাড়া এলাকার জঙ্গল থেকে গত শুক্রবার রাতে বোরহান উদ্দিন নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গত বুধবার রাতে লাংড়ি পাড়ার লাংড়ি ম্রোর দোকান এলাকায় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। বৃহস্পতিবার সকালে সেখান থেকে দুজনের এবং গত শুক্রবার রাতে ওই এলাকার কাছাকাছি জঙ্গল থেকে বোরহান উদ্দিনের লাশ পাওয়া যায়।
আলীকদম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাইনথপ ম্রো বলেন, শ্রমজীবী বোরহান উদ্দিনের বাড়ি আলীকদম উপজেলা সদরের পানবাজারে। কয়েক দিন আগে সন্ত্রাসীরা তাঁকে তৈনখালের দোজড়ি এলাকা থেকে অপহরণ করে।
আলীকদম থানার ওসি আপ্পেলা রাজু নাহা বলেন, প্রতিপক্ষ দলের সন্ত্রাসীরা অপহরণকারী দলের দুই সন্ত্রাসী ও অপহৃত বোরহান উদ্দিনকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।