আলীকদমে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের আলীকদমে গতকাল শনিবার সকালে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে মেনসিংপাড়ার বাসিন্দা তন ওয়াই ম্রো (৩৯) কলা আনার জন্য গতকাল সকালে বাগানে যান। ওই সময় তাঁর বাগানের পাশে কলার ছড়া কাটতে যান রেংলিউ ম্রো (২৬)। সেখানে দুজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রেংলিউ ধারালো দা দিয়ে তন ওয়াই ম্রোকে আঘাত করেন। পরে পাড়ার লোকজন তন ওয়াইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

আলীকদমের বাসিন্দা য়ুংলগ ম্রো জানান, তন ওয়াই ম্রোর ঘাড়ে, হাতে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। আলীকদম থানার ওসি আপ্পেলা রাজু নাহা বলেন, পূর্বশত্রুতার জের ধরে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তন ওয়াইয়ের ওপর রেংলিউ আক্রমণ করেছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, রেংলিউ ম্রোকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হত্যার কথা স্বীকার করেছেন। তবে কেন এই ঘটনা ঘটিয়েছেন, তা বলেননি।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।