বান্দরবানের আলীকদমের ম্রাইংতং বনাঞ্চলের গাছ পাচার ও পাহাড় কেটে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে এক প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে। পাড়াবাসী বন রক্ষা এবং রাস্তার নির্মাণকাজ বন্ধ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
তবে মাংতাই হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিনহাজ উদ্দিন ওরফে রোকন গাছ পাচারের বিষয়টি অস্বীকার করেছেন।
জানতে চাইলে ম্রাইংতং পাহাড়ের মাংখাইকপাড়ার কার্বারি (পাড়াপ্রধান) পামেন ম্রো মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শিক্ষক রোকন পাড়াবাসীর ফলদ-বনজ বাগান ধ্বংস করে এবং পাহাড় কেটে রাস্তা নির্মাণ করেছেন। এ কাজে বাধা দিলে তিনি হামলা ও মামলার হুমকি দিয়েছেন।
ম্রাইংতং এলাকাটি চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত। জানতে চাইলে ইউপি সদস্য মোজাফফর আহমদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গাছ পাচার ও পাহাড় কেটে রাস্তা নির্মাণের বিষয়টি নিয়ে গতকাল সালিসের আয়োজন করা হয়। শিক্ষক রোকনকে সাময়িকভাবে রাস্তার নির্মাণকাজ বন্ধ রাখতে বলা হয়েছে।
এ বিষয়ে ম্রো স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য থংপ্রে ম্রো বলেন, ম্রাইংতং পাহাড়ের মাংখাইকপাড়ার সংরক্ষিত বনাঞ্চলের গাছ-বাঁশ দিয়ে পাড়াবাসী ঘরবাড়ি নির্মাণ করেন। পাশাপাশি ম্রাইংতং পাহাড়ের ডপ্রুপাড়া, সীলবন্যাপাড়া, বাঘিঝিরি ও লাংরোপাড়ার পানির উৎস এই বন। বনাঞ্চল উজাড় হয়ে গেলে পানির উৎস শুকিয়ে যাবে। এতে পাঁচটি পাড়া বসবাসের অনুপযোগী হয়ে পড়বে।
অভিযোগের বিষয়ে শিক্ষক মিনহাজ উদ্দিন বলেন, তাঁরা কয়েকজন মিলে জ্বালানি কাঠের ব্যবসা করেন। গত বছর রাস্তা নির্মাণের জন্য ম্রোদের ফলদ-বনজ বাগানের গাছ কাটা পড়ায় তিনি তাঁদের ১ লাখ ২৪ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছেন। শিক্ষক মিনহাজ বলেন, বন বিভাগের অনুমতিপত্র না থাকলেও হেডম্যানের (মৌজাপ্রধান) অনুমতি নিয়ে গাছ সংগ্রহ করেন।
তবে এ বিষয়ে হেডম্যান তংপ্রে ম্রোর বক্তব্য পাওয়া যায়নি।
জানতে চাইলে আলীকদম উপজেলার ইউএনও আল আমিন লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে পাড়াবাসীর অভিযোগ গুরুতর। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’