আলীকদমে ছাত্রীকে ধর্ষণ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের আলীকদমে এসএসসি পরীক্ষার্থী এক মারমা ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ধর্ষণের ঘটনার ভিডিও চিত্র ধারণ করে রাখা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ধর্ষণের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করে গতকাল রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। তাঁরা হলেন মিজানুর রহমান (২৩) ও সাইফুল ইসলাম ওরফে সেলিম (২৪)।

 গতকাল বান্দরবান সদর হাসপাতালে ছাত্রীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। হাসপাতালে ওই ছাত্রী প্রথম আলোকে বলেন, পূর্বপরিচয়ের সূত্র ধরে শুক্রবার সন্ধ্যায় মিজানুর রহমান (২৩) তাঁকে ডেকে নিয়ে যান। মিজানের সঙ্গে সাইফুল নামের আরেক যুবক ছিলেন। তাঁরা দুজন ধর্ষণের সঙ্গে জড়িত।

ওই ছাত্রীর বড় ভাই বলেন, তাঁর বোন বিষয়টি প্রথমে বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের বলেন। পরে ছাত্ররা মিজানুর ও সাইফুলকে আটক করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, প্রেমের অভিনয় করে মিজানুর ওই ছাত্রীর সঙ্গে ছবি তোলেন। পরে সেই ছবি বিকৃত করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁকে ধর্ষণ করেন মিজানুর।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আপ্পেলা রাজু নাহা বলেন, গ্রেপ্তার মিজানুর ও সাইফুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজন ধর্ষণ ও ধর্ষণের ভিডিও চিত্র ধারণের কথা স্বীকার করেছেন।