আলীকদমে দুই ব্যবসায়ীকে অপহরণ
বান্দরবানের আলীকদম থেকে গতকাল শনিবার দুই ব্যবসায়ীকে অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আলীকদম উপজেলা সদর থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে সাত-আটজন ব্যবসায়ী মাতামুহুরী নদীর উজানে ক্রুকপাতা ঝিরি বাজারে যাচ্ছিলেন। তাঁদের বহনকারী নৌকা জানালিপাড়া ও ক্রুকপাতা ঝিরির মাঝামাঝি ফুট্যাঝিরির মুখে সন্ত্রাসীদের কবলে পড়ে।
নৌকায় থাকা মোহাম্মদ হোসেন বলেন, ৩০-৩৫ জন সন্ত্রাসী দুই দিক থেকে তাঁদের বহনকারী নৌকাটি ঘিরে ফেলে। তাঁদের নৌকা থেকে নামিয়ে টাকা, মুঠোফোন সেট ও মূল্যবান জিনিসপত্র লুট করতে থাকে। এ সময় তাঁরা জঙ্গলে পালানোর চেষ্টা করেন। কিন্তু কাশেম সওদাগর, ইসমাইল ও শাহাবুদ্দিন নামের তিন ব্যবসায়ীকে সন্ত্রাসীরা ধরে ফেলে। সন্ত্রাসীরা ওই তিনজনকে প্রচণ্ড মারধর করে। শাহাবুদ্দিন পায়ে আঘাত পেয়ে হাঁটতে না পারায় তাঁকে ফেলে অন্য দুজনকে নিয়ে যায় সন্ত্রাসীরা।
অপহৃত কাশেম সওদাগর ও ইসমাইলের বাড়ি কক্সবাজারের চকরিয়া পৌরসভায়। আলীকদমের বাসিন্দা কফিল উদ্দিন বলেন, অপহৃত কাশেম সওদাগর তাঁর মামা। রোববার (আজ) ক্রুকপাতা ঝিরি বাজারে হাটবার। তাই ব্যবসায়ীরা কাঁচামাল ও অন্যান্য পণ্যসামগ্রী কেনার জন্য সেখানে যাচ্ছিলেন।
সেনাবাহিনীর আলীকদম অঞ্চলের অধিনায়ক লে. কর্নেল মিজানুর রহমান বলেন, দুই ব্যবসায়ীকে উদ্ধারে সেনাবাহিনীর চারটি দল অভিযান চালাচ্ছে। সন্ত্রাসীদের অবস্থান সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া গেলেও দুর্গম এলাকা হওয়ায় রাতে কোনো কিছু করা যাচ্ছে না।