আলীকদমে দুজনকে গুলি করে হত্যা
বান্দরবানের আলীকদম উপজেলার লাংড়ি ম্রোর দোকান এলাকায় গত বুধবার রাতে দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনী।
এলাকার লোকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা সদর থেকে ১৩ কিলোমিটার দূরে লাংড়ি ম্রোর দোকান এলাকায় গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ গুলির আওয়াজ শুনতে পান স্থানীয় ব্যক্তিরা। গুলির শব্দে এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় স্থানীয় ব্যক্তিরা বাড়ি থেকে বের হয়ে একজনের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। পরে গতকাল সকালে বিষয়টি স্থানীয় লোকজন পুলিশ ও সেনাবাহিনীকে জানান। খবর পেয়ে গতকাল বেলা একটার দিকে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী।
আলীকদমের ম্রো জনগোষ্ঠীর নেতা য়ুংলগ ম্রো বলেন, লাংড়ি ম্রোর দোকানের পাশে একজনের ও কিছুদূরে জঙ্গলে আরেকজনের লাশ পাওয়া গেছে। দুজনের মধ্যে একজনের লাশ সিংলগ ম্রোর (২২) বলে শনাক্ত করা গেছে। তাঁর বাড়ি থানচি উপজেলার আঙাও ম্রো পাড়ায়। আরেকজনের লাশ শনাক্ত করা যায়নি। কী জন্য, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাঁরা বুঝতে পারছেন না। সিংলগ ম্রোর মা মুঠোফোনে তাঁকে (য়ুংলগ ম্রোকে) বলেন, তাঁর ছেলে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলেছেন।
এ ব্যাপারে আলীকদম থানার ওসি আত্তেলা রাজু নাহা বলেন, গুলি করে ওই দুজনকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে একটি দেশি তৈরি বন্দুক, কার্তুজ বন্দুকের ছয়টি গুলির খোসা, এক সেট পোশাক ও একটি হ্যাভারস্যাক, একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। স্থানীয় দুই চাঁদাবাজ দলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটাতে পারে।