আলীকদমে শিক্ষককে অপসারণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের আলীকদম উপজাতীয় আবাসিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গতকাল মঙ্গলবার ওই বিদ্যালয়ের এক শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে। ওই শিক্ষকের বিরুদ্ধে তারা ছাত্রীদের সঙ্গে অশ্লীল ও আপত্তিকর আচরণের অভিযোগ তোলে।

সকাল সাড়ে ১০টায় বান্দরবান প্রেসক্লাব চত্বরে ছাত্রছাত্রীরা জড়ো হতে থাকে। এরপর তারা মানববন্ধন শুরু করে। আবাসিকের ছাত্রছাত্রীদের সঙ্গে মারমা, ত্রিপুরা, ম্রো, বম, চাকসহ পাহাড়ি কয়েকটি ছাত্রসংগঠনের ছাত্রছাত্রীরাও মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেয় আবাসিকের দশম শ্রেণির ছাত্র রহিম ত্রিপুরা, জনি ত্রিপুরা, ম্রো স্টুডেন্ট কাউন্সিলের কার্যকরী সভাপতি অংম্লাং ম্রো, ত্রিপুরা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য লাভে ত্রিপুরা, বম স্টুডেন্ট কাউন্সিলের সদস্য সামলুম বম, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের বান্দরবান জেলা শাখার সহসভাপতি অংথোয়াই খই মারমা, চাক ছাত্র কাউন্সিলের আহ্বায়ক থোয়াক্য জাই চাক প্রমুখ।

বক্তারা বলেন, আলীকদম উপজাতীয় আবাসিক বিদ্যালয়ের কম্পিউটার শাখার ওই শিক্ষক দীর্ঘদিন ধরে ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ ও আপত্তিকর ব্যবহারে লিপ্ত রয়েছেন। তাঁর বিরুদ্ধে প্রশাসনের কাছে বহু অভিযোগ দেওয়া হয়েছে। কয়েক দফা তদন্তে ঘটনার সত্যতাও পাওয়া গেছে। কিন্তু রহস্যজনক কারণে তাঁকে অপসারণ না করে এবং কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে শুধু আলীকদম থেকে রুমায় বদলি করা হয়েছে। ছাত্রছাত্রীরা মানববন্ধন শেষে জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপিও পেশ করে।

তবে অভিযুক্ত শিক্ষক দাবি করেছেন, তিনি একই বিদ্যালয়ের আরেক শিক্ষকের ষড়যন্ত্রের শিকার। গত ১৩ জানুয়ারি বহিরাগত দুই ব্যক্তির সঙ্গে আবাসিকের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ছাত্ররা পিটুনি দেওয়ার সময় ওই বহিরাগত দুই ব্যক্তিকে তিনি রক্ষা করেছিলেন। তখন থেকে কিছু ছাত্র তাঁর ওপর ক্ষুব্ধ। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রকারী শিক্ষক ছাত্রদের ওই ক্ষোভকে কাজে লাগিয়ে মানববন্ধন করিয়েছেন।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক করুণাশ্রী বড়ুয়া বলেন, অভিযোগের পর ওই শিক্ষককে গত ১৪ ফেব্রুয়ারি বদলি করা হয়েছে। দুটি কমিটি বিষয়টি তদন্ত করছে। মানববন্ধনের কোনো দরকার ছিল না।