আলীম পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জে আল আমিন শেখ (১৭) নামের এক মাদ্রাসাছাত্রকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গত শনিবার রাত আটটার দিকে খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন মোরেলগঞ্জ উপজেলার চালিতাবুনিয়া গ্রামের হোসেন আলী শেখের ছেলে এবং উপজেলার ওলামাগঞ্জ এনইউ মাদ্রাসার আলীম পরীক্ষার্থী।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, এ ঘটনায় আল আমিনের মা আকলিমা বেগম ছয়জনকে আসামি করে গতকাল রোববার থানায় হত্যা মামলা করেছেন। নিহত আল আমিনের মাথায় ও ঘাড়ে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। গতকাল ভোরে পালিয়ে যাওয়ার সময় উপজেলার ছোলমবাড়িয়া খেয়াঘাট থেকে প্রতিবেশী আবুল কাজীর স্ত্রী কোহিনুর বেগম (৪৭) ও মেয়ে পলি খাতুনকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। আল আমিনের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আল আমিনের বড় ভাই তাজুল শেখ বলেন, ‘রাত আটটার দিকে আল আমিন বাড়ি থেকে খাবার নিয়ে মাদ্রাসার উদ্দেশে রওনা হলে পথে পেছন থেকে প্রতিবেশী আবুল কাজীর ছেলে জুয়েল কাজী ধারালো দা দিয়ে তার ঘাড়ে ও মাথায় কোপ দেয়। খবর পেয়ে আমরা আল আমিনকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে রাত ১০টার দিকে সে মারা যায়।’
তাজুল শেখ আরও বলেন, ‘মাস খানেক আগে পলি খাতুনকে অপহরণ করা হয়েছে এই অভিযোগে আমাদের পরিবারের বিরুদ্ধে বাগেরহাট আদালতে একটি মিথ্যা মামলা করা হয়। এই নিয়ে তাদের সঙ্গে আমাদের বিরোধ হয়। এর জের ধরে প্রতিপক্ষরা আমার ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে।’