ক্রেস্টে সোনা জালিয়াতি নিয়ে সংসদীয় কমিটির তদন্ত
আলোচনা ছাড়াই মন্ত্রণালয়ে প্রতিবেদন দিল কমিটি
মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের জন্য বিদেশি বন্ধু ও সংগঠনকে দেওয়া সম্মাননা ক্রেস্টে সোনা জালিয়াতি ঘটনার তদন্ত প্রতিবেদনের ওপর আলোচনা না করেই তা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি জালিয়াতির সঙ্গে তৎকালীন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলামের সংশ্লিষ্টতা খুঁজে পায়নি। তিনি বর্তমানে এ কমিটির সভাপতি।
অবশ্য এর আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তদন্তে তাজুল ইসলামসহ ১৩ জনকে দায়ী করা হয়েছিল।
গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তদন্ত কমিটির আহ্বায়ক আফছারুল আমীন, সদস্য ইকবালুর রহিম ও গোলাম দস্তগীর গাজী উপস্থিত ছিলেন না। বৈঠকের কার্যপত্রে তদন্ত প্রতিবেদনটি নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও তা হয়নি।
মন্ত্রিপরিষদ বিভাগ ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে সরকার স্বাধীনতার চার দশক পূর্তি উপলক্ষে ৩৩৮ বিদেশি ব্যক্তিত্ব ও সংগঠনকে অন্যান্য উপহারসামগ্রীর সঙ্গে একটি করে ক্রেস্ট দেয়। পরে জানা যায়, ক্রেস্টে সোনা কম দেওয়া হয়েছে।
গত বছরের ২৪ এপ্রিল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি ক্রেস্টে সোনা কম দেওয়ার ঘটনা তদন্তের জন্য উপকমিটি গঠন করে। আগের বৈঠকে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়।
এ বিষয়ে জানতে চাইলে কমিটির সদস্য কামরুল লায়লা প্রথম আলোকে বলেন, ঈদের পরপর বৈঠক হওয়ায় বেশিক্ষণ আলোচনা হয়নি। সময় কম থাকায় প্রতিবেদনটি ভালো করে পড়া সম্ভব হয়নি। কমিটি মনে করে, মন্ত্রণালয় তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেবে। সে জন্য প্রতিবেদনটি মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
কমিটির প্রতিবেদনে মন্ত্রণালয়ের সাবেক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, যুগ্ম সচিব আবুল কাসেম তালুকদার, উপসচিব এস এম এনামুল কবির, শাখা সহকারী আবুল কাশেমের বিরুদ্ধে যথাযথ আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, নুরুন্নবী চৌধুরী এবং কামরুল লায়লা অংশ নেন।