আল্লাহর দলের ৪ 'সদস্য' গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের ‘চার সদস্য’কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার সদর উপজেলার বিভিন্ন স্থানে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তাঁদের।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাবনার আটঘরিয়ার ফকরুল ইসলাম, ঠাকুরগাঁও সদর উপজেলার কৃষ্ণপুরের আরিফ হোসেন ও সালন্দর এলাকার রব্বানী হক এবং কুষ্টিয়ার মজিবুল ইসলাম।
ঠাকুরগাঁওয়ের জেলা পুলিশ সুপার মো. ফারহাত আহমেদ বলেন, ঠাকুরগাঁও পৌর শহরের একজন ব্যাংক কর্মকর্তার বাড়িতে ভাড়া থাকতেন আল্লাহর দলের সদস্য ফকরুল ইসলাম। তিনি জেলার বিএডিসি কার্যালয়ে কর্মরত ছিলেন। সেখান থেকে ফখরুল ও মজিবুল এ দলের কার্যক্রম পরিচালনা করতেন। পুলিশ দীর্ঘদিন তাঁদের নজরদারিতে রাখে। সোমবার প্রথমে ফকরুলকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের সূত্র ধরে উপজেলার বিভিন্ন স্থান থেকে বাকি তিনজনকে গ্রেপ্তার করা হয়।