বিমানবন্দরের সামনে বোমায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকায় পুলিশ বক্সের কাছে শুক্রবার রাতে বোমা বিস্ফোরণে একজন নিহত হন। বেষ্টনী দিয়ে ঘটনাস্থল ঘিরে রাখেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ছবি: আবদুস সালাম
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকায় পুলিশ বক্সের কাছে শুক্রবার রাতে বোমা বিস্ফোরণে একজন নিহত হন। বেষ্টনী দিয়ে ঘটনাস্থল ঘিরে রাখেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ছবি: আবদুস সালাম

রাজধানীতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকায় পুলিশ বক্সের কাছে পুলিশের তল্লাশিচৌকিতে বোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিমানবন্দর জোনের সহকারী কমিশনার রুহুল আমিন বলেন, বিস্ফোরণে বোমা বহনকারী ব্যক্তিই নিহত হয়েছেন। এই হামলায় পুলিশের কোনো সদস্য বা অন্য কেউ হতাহত হননি।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, পুলিশ বক্সের বাইের একটি বোমা বিস্ফোরণ ঘটে। এতে বোমা বহনকারী ব্যক্তি নিহত হয়েছেন। আর কারও হতাহতের খবর পাইনি। বিমানবন্দর থানার ওসির বরাত দিয়ে বাসস জানায়, অজ্ঞাত এক যুবক পুলিশের ওই তল্লাশিচৌকির সামন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাঁকে তল্লাশির জন্য থামতে বলেন। এ সময় ওই যুবক সামনে এগিয়ে গিয়ে নিজের শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটান। বিস্ফোরণে ঘটনাস্থলেই তিনি মারা যান। বোমার স্প্লিন্টারে তাঁর শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়েছে। নিহত যুবকের বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর। তাঁর পরনে ছিল জিনসের প্যান্ট ও টি-শার্ট।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঘটনার পর পর আশপাশের দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। পুলিশ-র‍্যাবসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সেখানে মোতায়েন করা হয়। রাত ৮ টা ৫০ মিনিটের দিকে ঘটনাস্থলে যান র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার তানজিনা আকতার বলেন, ওই ঘটনার পর পর বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিমানবন্দর এলাকায় এপিবিএনের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

শাহজালাল বিমানবন্দরের পরিচালক ইকবাল করিম প্রথম আলোকে বলেন, গত সপ্তাহে র‍্যাব সদর দপ্তরে হামলার পর বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়। সেটা আরও বাড়ানো হয়েছে। বিমানবন্দরের প্রবেশমুখে আর্চওয়ে বসানো হচ্ছে।