আশপাশের বাড়িঘরে ফাটল, আতঙ্কে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় আবাসনের জন্য বহুতল ভবন নির্মাণে পাইলিং কাজের সময় তীব্র ঝাঁকুনি ও কম্পনের ফলে আশপাশের বহু বাড়িঘরের ছাদ, দেয়াল, মেঝে ও কার্নিশে ফাটল দেখা দিয়েছে। ফাটলের কারণে এলাকায় ভীতি ছড়িয়ে পড়েছে।

এলাকাবাসীর অভিযোগ, পাইলিংয়ের জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার না করায় তাঁদের বাড়িঘর ভেঙে যেতে বসেছে।

গত সোমবার বহুতল ভবন নির্মাণের এলাকা দিয়াড় সাহাপুরে গিয়ে দেখা যায়, প্রকল্প স্থানে তিনটি ২০ তলা ভবনের নির্মাণকাজ চলছে। ওই এলাকার আধা কিলোমিটারের মধ্যে বাড়িঘরে ফাটল দেখা দিয়েছে। স্থানীয় লোকজন বলেন, আবাসিক ভবনের পাইলিংয়ের সময় ৪২০ মেট্রিক টন ওজনের প্রেশার দিয়ে মাটিতে দাবানো হচ্ছে। এতে প্রচণ্ড ঝাঁকুনির কারণে আবাসিক কলোনির সীমানার উত্তর ও পশ্চিম পাশে বহু বাড়িতে ফাটল দেখা দিয়েছে। দেয়াল, মেঝে ও ছাদে ছোট-বড় অসংখ্য ফাটলের দাগ স্পষ্ট হয়ে উঠেছে।

বাসিন্দারা জানান, পাইলিংয়ের সময় তীব্র ঝাঁকুনির সৃষ্টি হচ্ছে। মাটিও কেঁপে উঠছে। সকাল থেকে বিকেল পর্যন্ত আতঙ্কিত অবস্থার মধ্যে তাঁদের থাকতে হচ্ছে। বাড়ির নারী ও শিশুরা এতে বেশি ভয় পাচ্ছে। স্থানীয় বাসিন্দা আবদুস সালাম বলেন, পাইলিংয়ের কারণে প্রচণ্ড কাঁপুনি ও ঝাঁকুনিতে ইতিমধ্যে তাঁর বাড়ির ১০টি কক্ষের ১৮টি স্থানে ছোট-বড় ফাটল দেখা দিয়েছে। ছাদ ও কার্নিশ ফেটে গেছে।

বিষয়টি গণপূর্ত বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানানোর পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ পরিস্থিতিতে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য পাবনার জেলা প্রশাসক, রূপপুর প্রকল্পের সাইট পরিদর্শক, রাজশাহী গণপূর্ত অধিদপ্তরের প্রধানসহ প্রশাসনের কাছে আবেদন করেছেন স্থানীয় লোকজন।

পাবনা গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ও সাইট পরিদর্শক শাহিন উদ্দিন বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের দেশি-বিদেশি কর্মকর্তাদের আবাসনের জন্য তিনটি আবাসন ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। এর মধ্যে দুটি ভবন নির্মাণের কাজ করছে মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তিনি বলেন, সাধারণত দুই পদ্ধতিতে ভবন নির্মাণের জন্য পাইলিং করা হয়। একটি হলো অটোমেটিক ডিজেল হ্যামার, অপরটি হাইড্রোলিক পদ্ধতি। এ পদ্ধতিতে পাইলিং করলে বাড়িঘরের কোনো ক্ষতি হয় না। শব্দও হয় কম। কিন্তু ওই নির্মাতা প্রতিষ্ঠান হাইড্রোলিক পদ্ধতি অনুসরণ করছে না। এর ফলে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডের ঈশ্বরদী অঞ্চলের ইনচার্জ মশিউর রহমান দাবি করেন, উন্নত পদ্ধতিতেই পাইলিং চলছে। মূলত মাটির নিচে ৬০ ফুট পর্যন্ত পাইলিংয়ের জন্য প্রতিটি হ্যামারে ৪২০ মেট্রিক টন ওজনের চাপ দেওয়া হয়। প্রতিটি হ্যামারের ওজন সাড়ে নয় মেট্রিক টন। এই ওজন ও চাপের কারণে আশপাশের কিছু এলাকায় কম্পন ও ঝাঁকুনি হয়।

ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান বলেন, গত রোববার এলাকা পরিদর্শনে গিয়ে কয়েকটি বাড়ির দেয়াল ও ছাদে ফাটল দেখতে পেয়েছেন তিনি। পরিস্থিতি দেখে মনে হয়েছে এলাকাবাসী ভীষণ ঝুঁকিতে রয়েছে। তিনি পদক্ষেপ নেওয়ার জন্য ঈশ্বরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ জানিয়েছেন।

পাবনা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী বলেন, কাজ শুরুর প্রথম দিকে হাইড্রোলিক পদ্ধতি ব্যবহার করে পাইলিং করা হচ্ছিল। কিন্তু কিছু কিছু পাইলে সমস্যা দেখা দেওয়ায় ৬০ ফুট পর্যন্ত প্রবেশ করানো যাচ্ছিল না। এর ফলে গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের মাধ্যমে নকশায় কিছু পরিবর্তন করে অটোমেটিক ডিজেল হ্যামার পদ্ধতিতে কাজ করানো হচ্ছে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত লোকজনের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী সময়ে তাঁদের বাড়িঘরে যে ক্ষতি হয়েছে সেগুলো সংস্কার করে দেওয়া হবে।