আশাশুনিতে ওলামা লীগের আহ্বায়ক গ্রেপ্তার
আওয়ামী ওলামা লীগের আশাশুনি উপজেলা শাখার আহ্বায়ক ও সাঈদী মুক্তি মঞ্চের উদ্যোক্তা মোস্তফা আবু ইয়াহিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার সকালে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের বাসিন্দা।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা আওয়ামী লীগের এক নেতা জানান, মোস্তফা আবু ইয়াহিয়া জামায়াতের সক্রিয় কর্মী ছিলেন।
২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় হওয়ার পর প্রতাপনগরে সাঈদী মুক্তি মঞ্চ গড়ে তোলা হয়। এর নেতৃত্বে ছিলেন মোস্তফা আবু ইয়াহিয়া।
চলতি বছরের প্রথম দিকে কয়েকজন নেতার সহযোগিতায় তিনি আওয়ামী লীগে যোগ দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। পরে তিনি আওয়ামী ওলামা লীগে যোগ দেন।
গত ১৪ মে সাতক্ষীরা জেলা ওলামা লীগের সভাপতি সৈয়দ নাজমুল হক স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে আশাশুনি উপজেলা ওলামা লীগের আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়।
সৈয়দ নাজমুল হক জানান, মোস্তফা আবু ইয়াহিয়াকে কিছুদিন আগে আশাশুনি উপজেলা কমিটির দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তিনি সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন না। তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ জানা ছিল না। সংগঠন থেকে তাঁকে বহিষ্কার করা হবে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে জানান, গ্রেপ্তার মোস্তাফা আবু ইয়াহিয়া সাঈদী মুক্তি মঞ্চের নেতা ছিলেন। তাঁর বিরুদ্ধে তিনটি হত্যাসহ নাশকতা সৃষ্টির অভিযোগে ১১টি মামলা রয়েছে।