আশাশুনিতে পুলিশের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ওই ইউপি সদস্য বলছেন, স্থানীয় প্রতাপনগর ইউপি চেয়ারম্যানের পরামর্শে পুলিশ তাঁকে ফাঁসাতে চেয়েছিল। কিন্তু জনগণের প্রতিরোধের মুখে তা পারেনি।

গতকাল শুক্রবার উপজেলার তালতলা বাজারে ইউপি সদস্য রফিকুল ইসলাম ওরফে বুলিকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের চার সদস্য আহত হন।

প্রতাপনগর ইউপির চেয়ারম্যান জাকির হোসেন জানান, রফিকুল ইসলাম একজন সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে নাশকতার মামলাসহ কয়েকটি মামলা রয়েছে। তিনিসহ এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। গতকাল সকাল নয়টার দিকে পুলিশ তাঁকে তালতলা এলাকা থেকে আটক করে। এ সময় তাঁর সন্ত্রাসী বাহিনী পুলিশের ওপর হামলা করে তাঁকে ছিনিয়ে নেয়।

জাকির হোসেন অভিযোগ করেন, রফিকুল ইসলামের সন্ত্রাসের কারণে দুই মাস ধরে তিনি ইউনিয়ন পরিষদে যেতে পারছেন না। তাঁর কারণে ১৪টি ভূমিহীন পরিবার পালিয়ে গেছে। কয়েকজন আওয়ামী লীগ নেতা-কর্মীও বাড়িতে থাকতে পারছেন না। এসব কারণে পুলিশ তাঁকে ধরতে এসেছিল।

রফিকুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে যায়। আমি গতকাল সকালে পাঁচ শতাধিক লোক নিয়ে সেখানে বাঁধ সংস্কারকাজ করছিলাম। সকাল নয়টার দিকে উপপরিদর্শক (এসআই) নয়ন চৌধুরী কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই এসে আমাকে বলেন, “ওসি সাহেব আপনাকে ডেকেছেন। থানায় চলুন।” তাঁর সঙ্গে সাদাপোশাকে থাকা তিন ব্যক্তিকে দেখিয়ে বলেন, “তাঁদের মোটরসাইকেলে উঠুন।” তাঁরা আমার পরিচিত না হওয়ায় আমি রাজি হইনি। তবে এসআইয়ের মোটরসাইকেলে উঠতে সম্মত হই। এ সময় কয়েক শ নারী-পুরুষ তাঁকে নিয়ে যেতে বাধা দেয়। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। তবে কেউ পুলিশের ওপর হামলা করেনি।’

রফিকুল ইসলাম জানান, তিনি প্রতাপনগর ইউনিয়ন যুবদলের পরপর তিনবার সভাপতি ছিলেন। ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে যুবদলের পদ থেকে পদত্যাগের পাশাপাশি দল থেকেও পদত্যাগ করেন। এরপর প্রতাপনগরে এক জনসভায় আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বি এম মোস্তাকিম এবং ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। তিনি অভিযোগ করেন, শ্রীপুর এলাকার একটি চিংড়িঘের নিয়ে বিরোধের কারণে ইউপি চেয়ারম্যান দীর্ঘদিন ধরে পুলিশ দিয়ে তাঁকে হয়রানি করার চেষ্টা করছেন। গতকাল পুলিশ তাঁকে গ্রেপ্তারের চেষ্টার পরপরই চেয়ারম্যানের বিরুদ্ধে মিছিল করেছে জনগণ।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম বলেন, একটি তদন্ত গেলে তালতলা এলাকায় ইউপি সদস্য রফিকুল ইসলামের নেতৃত্বে হামলা করে এসআই নয়ন চৌধুরী, এএসআই তুহিন হোসেন, কনস্টেবল জাহাঙ্গীর হোসেন ও মাহফুজ আলমকে আহত করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।