আশাশুনিতে মা ও ছেলের ঝুলন্ত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আশাশুনিতে মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবার বলছে, মায়ের ওপর অভিমান করে ছেলে আত্মহত্যা করে। ছেলের লাশ দেখে মা-ও আত্মহত্যা করেন। গতকাল রোববার গভীর রাতে উপজেলার কাদাকাটি গ্রামে এ ঘটনাটি ঘটে।

মারা যাওয়া মা চন্দনা মণ্ডল (৪৫) ও তাঁর ছেলে সুমন মণ্ডল (১৩)। সুমন কাদাকাটি হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

চন্দনার স্বামী মনোরঞ্জন মণ্ডলের ভাষ্য, গতকাল রাত আটটার দিকে এক প্রতিবেশী তাঁদের বাড়িতে এসে সুমনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার করে ওঠেন। এ সময় মা চন্দনাসহ অনেকেই ছুটে আসেন। চন্দনা ছেলের জন্য আহাজারি করে বলতে থাকেন, ‘ছেলে নেই, আমি বেঁচে কী করব?’ এরপর চন্দনাকে খুঁজে পাওয়া যায়নি। অনেকক্ষণ পর বাড়ির পাশের বাগানের একটি গাছে চন্দনার ঝুলন্ত লাশ দেখা যায়। মনোরঞ্জন মণ্ডল এ সময় বাড়িতে ছিলেন না।

মনোরঞ্জন জানান, ছেলে ঠিকমতো লেখাপড়া করত না বলে গতকাল বিকেলে চন্দনা তাকে বকাবকি ও মারধর করেন। এতে মায়ের ওপর অভিমান করে সে রাত আটটার দিকে নিজ ঘরের আড়ায় গলায় দড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করে। এরপর ছেলের ঝুলন্ত লাশ দেখে চন্দনাও আত্মহত্যা করেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান, মা ও ছেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।