আশাশুনিতে সন্ত্রাসী হামলায় আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে সাতক্ষীরার আশাশুনি উপজেলার একটি বাড়িতে সন্ত্রাসী হামলা হয়েছে। গত শনিবার শ্রীউলা ইউনিয়নে নাকতাড়া কালিবাড়ী গ্রামে ওই ঘটনা ঘটে। এতে তিনজন আহত হন।
বাড়ির মালিক সুরাজ মণ্ডল জানান, তাঁর সঙ্গে একই গ্রামের সাঈদ সরদারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। শনিবার দুপুরে সাঈদ সরদারের নেতৃত্বে সাবের সরদার, আবদুল মালেক, আবদুল খালেকসহ ১০-১২ জন ভাড়াটে তাঁদের বাড়িতে হামলা চালান। তাঁরা নির্মাণাধীন পাকা রান্নাঘর ও পাঁচিল ভাঙচুর করাসহ বিভিন্ন মালামাল লুটপাট করতে থাকেন।
এ সময় বাধা দিলে হামলাকারীরা তাঁর স্ত্রী সরস্বতী মণ্ডল, ছেলে দুলাল মণ্ডল ও পরিতোষ মণ্ডলকে মারধর করেন।
আহত ব্যক্তিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। এ ব্যাপারে সাঈদ সরদারের সঙ্গে কথা বলার জন্য মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
শ্রীউলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হেনা সাকিলুর রহমান জানান, তিনি শনিবার সন্ধ্যায় দুই পক্ষ নিয়ে বসে বিষয়টি মীমাংসা করে দিয়েছেন। সুরাজ মণ্ডলের বাড়ির পাঁচিল সাঈদ সরদার নির্মাণ করে দেবেন বলে জানান তিনি।