আশুগঞ্জ ও ফেনীতে ২ যুবকের লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও ফেনীতে পুকুর থেকে গতকাল বুধবার দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে আশুগঞ্জের যুবকটি প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে। ফেনী থেকে উদ্ধার করা লাশের কোনো পরিচয় জানা যায়নি।
আশুগঞ্জের তারুয়া গ্রামের একটি পুকুর থেকে গতকাল দুপুরে মাসুম মিয়া (৩২) নামের ওই প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পুকুরে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। মাসুম নরসিংদীর বেলাব উপজেলার বীরবাগবের এলাকার মাওলানা মনিরুজ্জামান মিয়ার ছেলে।
আশুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, মাসুমের স্বজনদের খবর দেওয়া হয়েছে।
এদিকে ফেনী রেলস্টেশনের পাশের একটি পুকুরে গতকাল সকালে একটি লাশ (৩৫) ভাসতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে রেলওয়ে পুলিশ (জিআরপি) গিয়ে লাশটি উদ্ধার করে।
রেলওয়ে পুলিশ সূত্র জানায়, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা বলেন, লাশটি তিন থেকে চার দিন আগের ও অর্ধগলিত।