আশুগঞ্জ ফার্টিলাইজারের ব্যবস্থাপকের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) এ টি এম বাকীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নানা অভিযোগ যাচাই-বাছাই শেষে আজ রোববার কমিশন তাঁর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।

দুদকের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছে।

জানা গেছে, দুদক চেয়ারম্যান বদিউজ্জামানের কাছে আসা অভিযোগগুলো সংস্থাটির যাচাই-বাছাই কমিটি বরাবর পাঠানো হয়। পরে ওই কমিটি অনুসন্ধানের জন্য সুপারিশ করলে কমিশন অনুমোদন দেয়।

অভিযোগে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের নিয়োগ নীতিমালা অনুযায়ী প্রতিষ্ঠানটির প্রথম শ্রেণির কর্মকর্তা নিয়োগের ন্যূনতম যোগ্যতা দুটি প্রথম বিভাগ এবং সম্মানসহ স্নাতকোত্তর অথবা স্ব স্ব ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রি।

প্রাপ্ত অভিযোগে বলা হয়েছে, এ টি এম বাকী ১৯৮৮ সালে এসএসসি (মাধ্যমিক) পাস করেন। এর পাঁচ বছর পর এইচএসসি (উচ্চ মাধ্যমিক) এবং ১৯৯৫ সালে ৩য় বিভাগে স্নাতক (বিকম) উত্তীর্ণ হন। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী, এটিএম বাকী প্রতিষ্ঠানটির প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ার যোগ্য ছিলেন না। তারপরও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ১৯৯৯ সালের ২৪ এপ্রিল সহ-ব্যবস্থাপক (নিরাপত্তা) পদে তৎকালীন জিয়া ফার্টিলাইজারে যোগ দেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, এই কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতির জন্য প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সালাহ উদ্দিন তাঁকে প্রটোকলের দায়িত্ব থেকে সরিয়ে তাঁর বদলির জন্য বিসিআইসি চেয়ারম্যানের কাছে নোট দেন। কিন্তু ক্ষমতার অপব্যবহার করে তিনি আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানিতেই থেকে যান।

এসব অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে এটিএম বাকী বলেন, ‘একটি পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এগুলো করাচ্ছে। আমি যে জায়গায় কাজ করছি সে জায়গায় যিনি বা যাঁরা আসতে চাচ্ছেন তাঁরা এগুলো করাচ্ছেন।’