আশুগঞ্জে আ.লীগের কর্মিসভায় ১৪৪ ধারা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, বাজার, রেলগেট ও গোল চত্বর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের দুটি পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি আহ্বান করায় এ পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সদ্বীপ কুমার সিংহ বলেন, আজ সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আওয়ামী লীগ কার্যালয়সহ শহরের বিভিন্ন এলাকায় আজ সকাল থেকে র্যাব ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান সদ্বীপ কুমার সিংহ।
দলীয় নেতা-কর্মীরা জানিয়েছেন, ১০ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা থেকে বিলুপ্ত কমিটির সভাপতি ছফিউল্লাহ মিয়াকে আহ্বায়ক করে ৬১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি মেনে নেননি বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক হানিফ মুন্সি। ঘটনার দিন সন্ধ্যায় মাহবুবুর রহমানকে আহ্বায়ক করে ৪১ সদস্যের একটি পাল্টা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এদিন উভয় পক্ষ নিজ নিজ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করে।
জেলা আওয়ামী লীগের ঘোষিত কমিটির আহ্বায়ক ছফিউল্লাহ মিয়া আজ বেলা ১১টায় দলীয় কার্যালয়ে কর্মিসভা আহ্বান করেন। একই সময় দলীয় কার্যালয়ে কর্মিসভার পাল্টা কর্মসূচি দেয় হানিফ মুন্সির পক্ষ।
উভয় পক্ষের ডাকা পাল্টাপাল্টি কর্মিসভা নিয়ে এলাকায় উত্তেজনা চলছিল।
ছফিউল্লাহ পক্ষের যুগ্ম আহ্বায়ক খোরশেদুল ইসলাম অভিযোগ করেন, হানিফ মুন্সি দলের চেয়ে ব্যক্তিগত অর্জনের জন্য রাজনীতি করেন। এ কারণেই তিনি এমন কাজ করছেন।
হানিফ মুন্সির ভাষ্য, ‘দলের চেয়ে ব্যক্তিগত লাভের কথা চিন্তা করে জেলা আওয়ামী লীগ আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। ওই কমিটির হাত দিয়ে ভালো পূর্ণাঙ্গ কমিটি হতে পারে না। দল বাঁচাতে বাধ্য হয়ে আমরাও একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেছি।’
হানিফ মুন্সির দাবি, তাঁরাই আগে কর্মিসভা আহ্বান করেছেন। তাঁদের ডাকা কর্মিসভা বাতিল করতে ১৪৪ ধারা জারির ব্যবস্থা করেছে প্রতিপক্ষ।