আশুগঞ্জে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের কাছ থেকে হাতকড়া পরা আসামি ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বড়তল্লা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বড়তল্লা গ্রামের ইউপি সদস্য বাদল মিয়ার মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল গতকাল শুক্রবার দুপুরে। এর আগে বৃহস্পতিবার রাতে কনের গায়েহলুদের অনুষ্ঠান হয়। রাত আড়াইটার দিকে গায়েহলুদের মঞ্চের পাশে বসা ছিলেন বাদলের ছোট ভাই রুবেল মিয়াসহ কয়েকজন। এ সময় রাজধানীর মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান ও আশুগঞ্জ থানার এসআই মো. ইদ্রিস মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ওই বাড়িতে গিয়ে রুবেলকে (২৭) হাতকড়া পরিয়ে গ্রেপ্তার করে। এরপর পুলিশের সঙ্গে রুবেল ও তাঁর লোকজনের ধস্তাধস্তি শুরু হয়। এতে এসআই মুজিবুর রহমান, এসআই ইদ্রিস মিয়া আহত হন। রুবেলের পক্ষের কয়েকজনও আহত হন। এর মধ্যেই রুবেল পালিয়ে যান। পুলিশ জানায়, মতিঝিল থানায় রুবেলের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগে একটি মামলা আছে।
বাদল মিয়া প্রথম আলোকে বলেন, ‘দুই বছর আগে আমাদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছিল। বৃহস্পতিবার গভীর রাতে গায়েহলুদ চলাকালে হঠাৎ সাদা পোশাকে পুলিশ বাড়িতে ঢোকে। এতে অনেকে তাদের ডাকাত মনে করেছিল। এতে ধস্তাধস্তির ঘটনা ঘটে। তবে কিছুক্ষণের মধ্যেই সবার ভুল ভাঙে। এরপর পুলিশ আমাদের মারধর করেছে।’
সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন বলেন, পুলিশ ইউনিফর্ম পরা অবস্থায় অভিযান চালিয়েছে।
এসআই ইদ্রিস মিয়া বলেন, রুবেলকে গ্রেপ্তার করতে গেলে তাঁর পক্ষের লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আশুগঞ্জ থানায় ১২ জনের নাম উল্লেখ করে ২৫ জনের বিরুদ্ধে মামলা করেছে।