আশুগঞ্জে খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে কবির মিয়া (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুর ১২টার দিকে উপজেলার তালশহর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার বিকেলে তালশহর পশ্চিমপাড়া এলাকায় ক্রিকেট খেলা নিয়ে খতিব বাড়ির শ্যামল মিয়া ও দিদার বক্স বাড়ির জনু মিয়ার মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে গতকাল সকালে খতিব বাড়ির সিএনজি স্ট্যান্ডের লাইনম্যান ইসরাইল মিয়াকে মারধর করেন দিদার বক্স বাড়ির লোকজন। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোকজন অর্ধশতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটান। সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে খতিব বাড়ির কবির মিয়াসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহত কবিরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।