আশুগঞ্জে চাতালে ডাকাতি, আহত ২
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর এলাকার একটি চাতালে গত শুক্রবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা শ্রমিকদের মারধর করে চাতালের বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ মূলবান মালামাল লুটে নিয়ে যায়। ডাকাতদের হামলায় দুই চাতালশ্রমিক আহত হয়েছেন।
আহত শ্রমিকেরা হলেন চাতালের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম ও কারিগর আল আমিন। তাঁদের স্থানীয় আশুগঞ্জ উপজেলার স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাতে ১০-১১ জন ডাকাত উপজেলার তালশহর-বাহাদুরপুর সড়কে আবদুল জলিল অটো রাইস মিল নামের একটি চাতালে ঢোকে। এ সময় ডাকাতেরা অস্ত্রের মুখে চাতালশ্রমিকদের জিম্মি করে মারধর করে। একপর্যায়ে তারা চাতালকলের বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ অন্য মালামাল লুট করে নিয়ে যায়।
চাতালের পরিচালক এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাত সদস্যরা অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর করে।
এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন গতকাল শনিবার জানান, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে।