আশুগঞ্জে ডাকাতের হামলায় দুই পুলিশ সদস্য আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ডাকাতদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে উজেলার চরচারতলা ইউনিয়নের ডাকাতদের ধরতে গেলে তাঁরা হামলার শিকার হন। হামলা চালানোর অভিযোগে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
আহত পুলিশ সদস্যরা হলেন আশুগঞ্জ থানার কনস্টেবল ইব্রাহিম মিয়া (৩৮) ও নায়েক খবির উদ্দিন (৩৬)। এর মধ্যে গুরুতর আহত ইব্রাহিমকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ট্রমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার হওয়া দুজন হলেন উপজেলার চরচারতলা ইউনিয়নের নুরুল আমিন (৩০) ও সাদ্দাম হোসেন (২৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে চরচারতলা ইউনিয়নে অবস্থিত আশুগঞ্জ সার কারখানার পূর্ব পাশের একটি চরে বসে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় খবর পেয়ে আশুগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের চারপাশ থেকে ঘিরে ফেলে। এ সময় ডাকাত দলের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। হামলায় কনস্টেবল ইব্রাহিম ও খবির আহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি ছুরিসহ নুরুল আমিন ও সাদ্দাম হোসেন নামে দুই ডাকাতকে আটক করে। বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ সদস্য ইব্রাহিম ও খবিরকে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় পরে ইব্রাহিমকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ট্রমা হাসপাতালে ভর্তি করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন বলেন, ‘ডাকাত দলের এক সদস্য ইব্রাহিমের বাম হাতে ছুরিকাঘাত করে। ইব্রাহিমের অবস্থা গুরুতর। ডাকাতি ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে সাতজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তিকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।