আশুগঞ্জে তরুণীর গলিত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার মেঘনা নদীর সেতুর পাশ থেকে এক তরুণীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। তবে গতকাল বিকেল সোয়া চারটা পর্যন্ত পুলিশ ওই তরুণীর পরিচয় নিশ্চিত করতে পারেনি।
গতকাল সকালে ২৫-২৬ বছর বয়সী ওই তরুণীর লাশ উদ্ধার করে আশুগঞ্জ থানার পুলিশ। তাঁর দুই পা রশি দিয়ে বাঁধা ছিল।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, সকালে স্থানীয় লোকজন মেঘনা নদীর সেতুর পাশে ওই মেয়েটির লাশ দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। ওসি আরও বলেন, মেয়েটির শরীরে পচন ধরেছে। পাঁচ-ছয় দিন আগে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে এখানে লাশ ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।