আশুগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গতকাল মঙ্গলবার দুর্গাপুর গ্রামে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কামাল হোসেন ও সিজানুর রহমানের পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও গ্রামবাসী জানান, গত সোমবার বিকেলে দুর্গাপুর ইউপির কার্যালয়ে কামাল হোসেন ও সিজানুর রহমানের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ২০ জন আহত হয়।
সোমবারের সংঘর্ষের জের ধরে গতকাল দুপুরে কামাল হোসেনের পক্ষে হাজিবাড়ির লোকজন ও সিজানুর রহমানের পক্ষে ইমামবাড়ির লোকজন দা, বল্লম, ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কামাল হেসেন অভিযোগ করেন, হামলাকারীরা তাঁর পক্ষের রমজান মিয়া, জলিল মিয়া ও ফজলুল হক মিয়ার বাড়িতে হামলা চালিয়ে প্রায় ৩০ লাখ টাকার মতো ক্ষতি সাধন করে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে এখনো মামলা হয়নি।