আশুগঞ্জে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শরিফ মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। উপজেলার সোনারামপুর এলাকায় গত রোববার রাতে এ ঘটনা ঘটে।
নিহত শরিফ আশুগঞ্জ উপজেলার চর চারতলা গ্রামের আবদুর রবের ছেলে। পুলিশ বলেছে, তাঁর বিরুদ্ধে আশুগঞ্জ থানায় ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের এএসপি আবদুল করিমের ভাষ্য অনুযায়ী, রোববার রাতে উপজেলার আড়াইসিধা বাজারের চারতলা এলাকা থেকে শরিফকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যমতে তাঁকে সঙ্গে নিয়ে সোনারামপুরে অভিযানে যায় পুলিশ। শরিফের সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় শরিফ গুলিবিদ্ধ হন। আহত হন আশুগঞ্জ থানা-পুলিশের এএসআই শারফিন, পুলিশ সদস্য আবদুল আলীম, মো. মহিউদ্দিন, রবিউল ইসলাম ও মেহেদি হাসান। গুরুতর অবস্থায় শরিফ ও এএসআই শারফিনকে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক শরিফকে মৃত ঘোষণা করেন। আর এএসআই শারফিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, কার্তুজ, কার্তুজের খোসা ও তিনটি রামদা উদ্ধার করেছে পুলিশ।
এএসপি আবদুল করিম বলেন, ময়নাতদন্ত শেষে গতকাল সোমবার বিকেলে হাসপাতাল থেকে শরিফের লাশ তাঁর চাচা জাহাঙ্গীর আলম বুঝে নেন। এ সময় তাঁর সঙ্গে চর চারতলা ইউপির চেয়ারম্যান জিয়াউদ্দিন খন্দকার ছিলেন। এ ঘটনায় আশুগঞ্জ থানায় দুটি মামলা করেছে পুলিশ।