আশুগঞ্জে বেড়াতে এসে ছুরিকাঘাতে যুবক নিহত
মেঘনা নদীর পাড়ে বেড়াতে এসে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাজু মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর তিন সেতুর পাড়ে এই দুর্ঘটনা ঘটে।
রাজু একই জেলার নবীনগর উপজেলার উরখুলিয়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আবদুল লতিফ মিয়া। এর আগে গত ২৯ জুন মেঘনা সেতুর ভৈরব প্রান্তে উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় নরসিংদীর চম্পকনগর গ্রামের রমজান মিয়া নামের এক যুবক খুন হন।
পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনেরা জানান, ঈদ উপলক্ষে ঘুরে বেড়ানোর কথা বলে রাজু তাঁর দুই নিকটাত্মীয় মিরাজুল মিয়া (১৮) ও অনন্ত মিয়াকে (১৭) নিয়ে বিকেলে আশুগঞ্জে আসেন। তাঁরা সেতুর ওপর ছবি তুলছিলেন। একপর্যায়ে একটি মোটরসাইকেল নিয়ে তিনজন এসে তাঁদের সামনে দাঁড়ান। নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তাঁদের শরীর তল্লাশি শুরু করেন। তাঁদের সঙ্গে থাকা মুঠোফোন নিচে রাখতে বলেন। তাঁরা ফোনসেটগুলো নিচে রাখেন। এই সুযোগে ফোনগুলো নিয়ে তিন আরোহী বাইকে করে স্থান ত্যাগ করছিলেন। এই সময় রাজু পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। একপর্যায়ে একজনকে জাপটে ধরে ফেলেন। তখন ওই তিনজন রাজুকে একাধিক ছুরিকাঘাত করেন। এতে রাজু মাটিতে লুটিয়ে পড়ার পর তাঁরা মোটরসাইকেলযোগে চলে যান। পরে প্রথমে রাজুকে ভৈরবের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। ওই হাসপাতাল থেকে পাঠানো হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোশরাত জাহান বলেন, হাসপাতালে আনার আগেই রাজুর মৃত্যু হয়। রাজুর শরীরে ছুরির দুটি আঘাত ছিল গুরুতর।
অনন্ত মিয়া বলেন, ‘রাজুকে ছুরিকাঘাত করার পর আমরা ছিনতাইকারী বলে চিৎকার করছিলাম। নদীর পাড়ে অনেক মানুষ থাকলেও ভয়ে কেউ এগিয়ে আসেননি। পুলিশ সদস্যদের সহযোগিতা চেয়েও পাইনি।’
আশুগঞ্জ থানার উপপরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।