আশুগঞ্জে যুবলীগের সম্মেলনে ১৪৪ ধারা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একই সময় একই স্থানে যুবলীগের দুই পক্ষ সম্মেলন আহ্বান করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত আশুগঞ্জ বাজার, দলীয় কার্যালয় ও ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্বর এলাকায় এ আদেশ জারি করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দীপ কুমার সিংহ প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এ আদেশ জারি করা হয়েছে।
জানা গেছে, ১৯ অক্টোবর জিয়া উদ্দিন খন্দকারকে আহ্বায়ক, শাহিন আলম বকশি ও ইলিয়াস আলীকে যুগ্ম আহ্বায়ক করে ৩৩ সদস্যের উপজেলা যুবলীগের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় পর্ষদ। এরপর থেকেই সাবেক সাধারণ সম্পাদক মনির সিকদার ও নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আলীর নেতৃত্বে আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে আন্দোলন শুরু হয়।
এ অবস্থায় আহ্বায়ক জিয়া উদ্দিন খন্দকারপক্ষÿআজ বিকেলে আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলার দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের কমিটির সম্মেলন আহ্বান করে।
অপরদিকে মনির সিকদারপক্ষÿএকই সময় আওয়ামী লীগ কার্যালয়ে একই ইউনিয়নের যুবলীগের সম্মেলন ডাকে।
আহ্বায়ক জিয়া উদ্দিন খন্দকার বলেন, ‘সম্মেলন সফল করার জন্য আমরা চার দিন ধরে প্রচার চালিয়ে আসছি। আর সম্মেলন করার এখতিয়ার রাখে কেবল কার্যকরী কমিটি। কিন্তু সম্মেলন পণ্ড করার উদ্দেশ্যে তারা (প্রতিপক্ষ) একই সময়ে, একই স্থানে সম্মেলন ডাকে। কূট কৌশলে সফল হলেও রাজনীতির মাঠে তাদের অস্তিত্ব থাকবে না।’
অপর পক্ষের মনির সিকদার জানান, তৃণমূলের মতামতকে উপেক্ষা করে কমিটি ঘোষণা করায় আশুগঞ্জে যুবলীগের রাজনীতি এমনিতেই নষ্ট হয়ে গেছে। আবার এখন যদি ওই কমিটির নেতৃত্বে ইউনিয়ন কমিটি গঠন হয় তাহলে বারোটা বেজে যাবে। দল বাঁচাতে তাঁরাও সম্মেলন আহ্বান করেন বলে তিনি জানান।