আশুগঞ্জে সংঘর্ষে আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে এ সংঘর্ষ শুরু হয়।
আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা এলাকায় সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড নিয়ে গ্রামের হাজি আবু তাহের মিয়ার সঙ্গে বগইর এলাকার নূর ইসলাম মেম্বারের দ্বন্দ্ব চলে আসছে। গতকাল দুপুরে খড়িয়ালা বাজারে আবু তাহের মিয়ার সঙ্গে নূর ইসলামের কথা-কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিকেলে উভয় পক্ষের লোকজন রামদা, লাঠি, কুড়াল, বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। বিকেল সাড়ে পাঁচটা থেকে ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।