আশুগঞ্জে সংঘর্ষে সাংবাদিক, পুলিশসহ আহত ২৫
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে সাংবাদিক, পুলিশসহ দুই পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উপজেলার চরচারতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকালে আশুগঞ্জের চরচারতলা এলাকার কেচকিবাড়ির রেজেক মিয়ার ছেলে ফল বিক্রেতা আবদুল খালেকের সঙ্গে এক ক্রেতার বাগ্বিতণ্ডা হয়। তাঁদের থামাতে স্থানীয় লতিবাড়ির ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) সোরাপ মিয়ার ছেলে সজিব মিয়া এগিয়ে আসেন। এ সময় আবদুল খালেকের সঙ্গে সজিবের হাতাহাতি লেগে যায়। এর জের ধরে দুপুরে দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা, দা, বল্লম, ছুরি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। এ সময় সংঘর্ষে আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন, উপপরিদর্শক (এসআই) ইদ্রিস মিয়া, ফোকাস বাংলার আশুগঞ্জ প্রতিনিধি লোকমান হোসেনসহ দুই পক্ষের অন্তত ২৫ জন আহত হন। আহত ব্যক্তিদের মধে৵ ১০ জনকে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আশুগঞ্জ ডে-নাইট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
লতিবাড়ির পক্ষের আবদু মিয়া বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
কেচকিবাড়ির আবদুল খালেকের মুঠোফোন বন্ধ পাওয়ায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন খন্দকার বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামের ঠাকুরবাড়ি ওরফে কেচকিবাড়ির লোকজনের সঙ্গে লতিবাড়ির লোকজনের সংঘর্ষ হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।