আশুগঞ্জে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা যুবলীগের বিবদমান দুই পক্ষ একই সময়ে ও একই স্থানে বর্ধিত সভা ডাকায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। স্থানীয় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বর্ধিত সভা ডাকা হয়েছিল।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ কুমার সিংহ ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক জিয়া উদ্দিন খন্দকার ও পদবঞ্চিত উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি মোশাররফ হোসেন পৃথক সভার ঘোষণা দেন। উভয় পক্ষকে ডেকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়েছিল। তবে তাঁরা কেউ তা মানেননি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ ভোর ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত আশুগঞ্জ বাজার, বিওসি ঘাট, আশুগঞ্জ গোলচত্বর ও রেলগেট এলাকাকে এ আদেশের আওতায় রাখা হয়েছে।