আশুগঞ্জে ২২ দাঙ্গাবাজের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য কামাল হোসেন ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সিজানুর রহমানের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২২ দাঙ্গাবাজকে ভ্রাম্যমাণ আদালত এক বছর করে কারাদণ্ড দিয়েছেন।
পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, গত সোমবার বিকেলে দুর্গাপুর ইউপি কার্যালয়ে এক সালিসি সভায় কামাল হোসেন ও সিজানুর রহমানের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে সোম, মঙ্গলবার গতকাল বুধবার সকাল আটটার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দাঙ্গাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ২৫ জনকে আটক করে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ কুমার সিংহের কার্যালয়ে হাজির করা হয়। আদালত ২২ জনকে এক বছর করে কারাদণ্ড প্রদান করেন। পুলিশ গতকাল বুধবার তাদের জেল কারাগারে পাঠিয়েছে। বাকি তিনজনকে ৫৪ ধারায় চালান করা হয়েছে।