আশুলিয়া ও সাভারে তিনজন খুন
ঢাকার সাভারের বেরাইদ এলাকায় এক যুবককে গলা কেটে এবং আশুলিয়ার বাইপাইলে এক নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আশুলিয়ায় ভাতিজার হাতে খুন হয়েছেন চাচা। পুলিশ লাশগুলো মর্গে পাঠিয়েছে। তিনটি ঘটনাই গত চার দিনের মধ্যে ঘটেছে।
সাভার মডেল থানার পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বেরাইদ গ্রামের মাহবুবুর রহমান স্ত্রী-সন্তানদের নিয়ে গত বৃহস্পতিবার সকালে সাভারের চাঁনপুরে তাঁর শ্বশুরবাড়িতে বেড়াতে যান। সেখানে স্ত্রী-সন্তানদের রেখে তিনি বিকেলে বাড়িতে ফিরে আসেন। কিন্তু সেই থেকে তাঁর মুঠোফোন খোলা থাকলেও কেউ ধরছিল না। পরে তাঁর স্ত্রী কমলা বেগম শনিবার বিকেলে বেরাইদে ফিরে আসেন। তিনি ঘরের দরজা তালাবদ্ধ দেখতে পেয়ে প্রতিবেশীদের সহায়তায় তালা ভাঙেন। ভেতরে ঢুকে মেঝেতে মাহবুবুরের গলাকাটা লাশ দেখতে পান।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম বলেন, মাদক সেবনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আশুলিয়া থানার পুলিশ জানায়, গতকাল রোববার সকালে বাইপাইল এলাকার আশরাফুল আলীর বাসা থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়।
বাসার মালিক আশরাফুল বলেন, ওই নারীকে নিয়ে এক যুবক ১০ আগস্ট স্বামী-স্ত্রী পরিচয়ে তাঁর বাসার একটি কক্ষ ভাড়া নেন। গতকাল সকালে তালাবদ্ধ ওই কক্ষের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে তাঁরা পুলিশে খবর দেন। পরে পুলিশ তালা ভেঙে ভেতরে ঢুকে নারীর লাশ দেখতে পায়।
আশুলিয়া থানার এসআই আনোয়ার হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, বাসা ভাড়া নেওয়ার পর এক থেকে দুই দিনের মধ্যে ওই নারীকে হত্যা করে তাঁর কথিত স্বামী পালিয়ে যান।
ভাতিজার হাতে চাচা খুন: আশুলিয়ার গৌরীপুর এলাকায় গতকাল বেলা ১১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে ভাতিজা পলাতক।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে গৌরীপুর এলাকার বরকত আলীর (৬০) সঙ্গে তাঁর ভাইয়ের বিরোধ চলে আসছে। গতকাল সকালে বরকত বাড়ির সামনের রাস্তায় মাটি ফেলতে গেলে তাঁর ভাতিজা আরমান বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আরমান তাঁর চাচাকে কিল-ঘুষি মারেন। এতে বরকত মাটিতে লুটিয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তিনটি ঘটনাতেই থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।