আশুলিয়ায় তরুণকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার গৌরীপুর গ্রামে গতকাল শুক্রবার রাতে মনির মণ্ডল (২২) নামের এক তরুণকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মনির গৌরীপুরের জানু মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মনির ও তাঁর পরিবার নিজেদের নির্মাণাধীন একটি তিনতলা বাড়ির তৃতীয় তলায় থাকেন। কয়েকজন দুর্বৃত্ত গতকাল রাত সাড়ে আটটার দিকে ওই বাড়িতে হানা দিয়ে মনিরের মা, ভাই, বোন ও ভগ্নিপতিকে একটি কক্ষে আটকে রাখে। এরপর মনিরকে অন্য একটি কক্ষে নিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
মনিরের ছোট ভাই আল-আমিন বলেন, তাঁদের শতাধিক বিঘা জমি রয়েছে। এসব জমির মাপজোখ নিয়ে এলাকার কয়েকজনের সঙ্গে তাঁদের বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে তাঁর ভাইকে হত্যা করা হয়ে থাকতে পারে। আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে।