আশুলিয়ায় নিখোঁজ দুই তরুণ লাশ মিলল গোবিন্দগঞ্জে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়া থেকে নিখোঁজ হওয়ার ৪৩ দিন পর গত বৃহস্পতিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জে আহসান আবির (১৯) ও সাকিব (২০) নামের দুজনের লাশের সন্ধান পাওয়া গেছে। গোবিন্দগঞ্জ থানার পুলিশ আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে বেওয়ারিশ হিসেবে লাশ দুটি দাফন করেছিল।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, গত ২১ জানুয়ারি ফুলবাড়ি ইউনিয়নের কাটাখালীর হাওয়াখানা এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পরিচয় না পেয়ে লাশ দুটি আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
নিহত আহসান আবির শরীয়তপুরের পালং উপজেলার তেঁতুলিয়া গ্রামের আবদুস সালামের ছেলে। তিনি সাভারের লিজেন্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। মা-বাবার সঙ্গে তিনি আশুলিয়ার কুড়গাঁও এলাকায় থাকতেন। সাকিব গোপালগঞ্জ সদর উপজেলার মাথলা গ্রামের শাহাদত মোল্লার ছেলে। তিনি কুড়গাঁও এলাকায় থেকে আদিল হোসেন নামের একজনের ব্যক্তিগত গাড়ি চালাতেন।
আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির বলেন, গত বৃহস্পতিবার হত্যাকারীদের মূল হোতা আবু জাফর ওরফে বিপ্লব (২৪) নামের একজনকে রাজধানীর শাহআলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি গত শুক্রবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আফরোজা খাতুনের আদালতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ঘটনার বর্ণনা দিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তাঁর দেওয়া তথ্য অনুসারে শুক্রবার রাতে সাভারের ভাটপাড়া এলাকা থেকে রফিকুল ইসলাম (২২) ও টিটু (৩৫) নামের আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার তাঁদের ১০ দিনের রিমান্ড চেয়ে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।
থানা-পুলিশ সূত্র জানায়, বিপ্লব, রফিকুল ও টিটু সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তাঁরা রাতে বাস নিয়ে বিভিন্ন স্ট্যান্ড থেকে কৌশলে যাত্রী তুলে জিম্মি করে মুক্তিপণ আদায় করতেন। নিহত সাকিবও একসময় ওই দলের সদস্য ছিলেন। মাস কয়েক আগে সাকিব তাঁদের সঙ্গ ছেড়ে আদিলের গাড়ি চালানোর চাকরি নেন। এরপরও বিপ্লবসহ অন্যরা তাঁদের সঙ্গে কাজ করতে সাকিবকে চাপ দিয়ে আসছিলেন। সাকিব বিষয়টি পুলিশের কাছে ফাঁস করে দেওয়ার হুমকি দিলে তাঁকে হত্যার পরিকল্পনা করা হয়।
আশুলিয়া থানার পুলিশ জানায়, বিপ্লব ২০ জানুয়ারি তাঁর কয়েকজন সহযোগীর মাধ্যমে সাকিবকে ডেকে পাঠান। বিষয়টি বুঝতে না পেরে প্রতিবেশী আবিরকে নিয়ে সাকিব ওই দিন বিকেলে তাঁদের কথামতো ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ডে যান। এরপর তাঁদের সাভারের গেন্ডা এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি বাসে তুলে তাঁদের মারধর করা হয়। নবীনগর-কালিয়াকৈর সড়কের আশুলিয়ার জিরানি এলাকায় চলন্ত বাসে তাঁদের শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘটনা ধামাচাপা দিতে ওই রাতেই লাশ গোবিন্দগঞ্জের কাটাখালীর হাওয়াখানা এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে করতোয়া নদীর তীরে পেট্রল ঢেলে লাশ দুটির সিংহভাগ পুড়িয়ে ফেলা হয়।
সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, আবির নিখোঁজ হওয়ার চার দিন পর ২৫ জানুয়ারি তাঁর বাবা আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ৩ ফেব্রুয়ারি সাকিবসহ প্রতিবেশী রাজনকে আসামি করে মামলা করা হয়। এই মামলায় প্রযুক্তির সাহায্য নিয়ে তিনি বিপ্লবকে গ্রেপ্তার করেন। বিপ্লবের স্বীকারোক্তি অনুযায়ী গোবিন্দগঞ্জ গিয়ে কবর থেকে আবিরের মা আয়েশা বেগম ছেলের লাশ শনাক্ত করেন। বিপ্লবসহ খুনের সঙ্গে জড়িত অন্যরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তবে তাঁদের সঙ্গে আবিরের সংশ্লিষ্টতার তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।
আয়েশা বেগম বলেন, ২০ জানুয়ারি বিকেলে রবিউল নামের এলাকার এক তরুণ তাঁর ছেলেকে মুঠোফোনে কল করে যেতে বলেন। কিছু সময় পর সাকিব বাসায় এসে ছেলেকে ডেকে নিয়ে যান। এর কয়েক ঘণ্টা পর তিনি ছেলের মুঠোফোন বন্ধ পান।