আশুলিয়ায় পোশাক কারখানার ২৩ লাখ টাকা 'ছিনতাই'
ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় আজ মঙ্গলবার দুপুরে একটি পোশাক কারখানার ২৩ লাখ টাকা ‘ছিনতাই’ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ জানায়, আশুলিয়ার জামগড়া এলাকার ওর্ডিন্যাল ফ্যাশনস লিমিটেডের বাণিজ্যিক কর্মকর্তা সাঈদুর রহমান ও হিসাব রক্ষণ কর্মকর্তা তোফায়েল আহাম্মেদ আজ দুপুরে শ্রমিকদের বেতনের টাকা তুলতে ডাচ-বাংলা ব্যাংকের জিরাবর শাখায় যান। সেখান থেকে ২৩ লাখ টাকা তুলে একটি প্রাইভেট কারে তাঁরা কারখানায় ফিরছিলেন। বেলা দেড়টার দিকে তাঁদের গাড়িটি আবদুল্লাপুর-বাইপাইল সড়কের নিশ্চিন্তপুর এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত গাড়িটির গতি রোধ করে। পরে তারা ফাঁকা গুলি করে টাকার ব্যাগ নিয়ে দ্রুত সটকে পরে। ঘটনার সময় ওই এলাকায় সড়কের দুপাশে বিভিন্ন কারখানার কয়েক শ শ্রমিক ছিলেন। কিন্তু তাঁরা কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
সাঈদুর রহমান বলেন, ঘটনার সময় শ্রমিকেরা দুপুরের খাবারের বিরতির পর কারখানায় ফিরছিলেন। শ্রমিকদের ভিড়ের কারণে গাড়ির গতি কমানোর সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে গাড়ির গতিরোধ করে। এ সময় তাদের একজন ফাঁকা গুলি করে আতঙ্ক ছড়ায়। অন্যরা অস্ত্রের মুখে গাড়ির দরজা খুলতে বাধ্য করে। দরজা খোলার পরপরই তারা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছিনতাই হওয়া টাকা উদ্ধার এবং ছিনতাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে কারখানার পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।