আশুলিয়ায় শতাধিক অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন
ঢাকার আশুলিয়ার বিভিন্ন এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গতকাল সোমবার অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্র্যান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ। একজন নির্বাহী হাকিমের নেতৃত্বে অভিযান চালিয়ে শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিতাসের সাভার আঞ্চলিক বিপণন বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টা থেকে আশুলিয়ার বাংলাবাজার এলাকার ইউসুফ মার্কেট থেকে গোড়াট এলাকা পর্যন্ত পাঁচ কিলোমিটার দীর্ঘ অবৈধ লাইন বিচ্ছিন্ন করতে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাসুদ। তাঁকে সহায়তা করেন তিতাসের সাভার আঞ্চলিক বিপণন বিভাগের উপব্যবস্থাপক আফতাব উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
আফতাব উদ্দিন বলেন, বাংলাবাজার এলাকার সরবরাহ লাইন থেকে পাইপের মাধ্যমে পাঁচ কিলোমিটার দূরে গোড়াট গ্রামসহ আশপাশের এলাকায় অবৈধভাবে গ্যাস সরবরাহ করা হচ্ছিল। ওই লাইন থেকে গোড়াটসহ আশপাশের এলাকায় শতাধিক রাইজারের মাধ্যমে কয়েক শ বাড়িতে অবৈধ সংযোগ দেওয়া হয়েছিল। অবৈধভাবে গ্যাস-সংযোগ নেওয়ার অভিযোগ পেয়ে গতকাল বাংলাবাজার এলাকায় অভিযান চালানো হয়। এই সময় ওই এলাকার দুই ইঞ্চি ব্যাসার্ধের ৩৪০ ফুট এবং গোড়াট এলাকায় এক ইঞ্চি ব্যাসার্ধের ১৫৪ ফুট অবৈধ গ্যাসলাইন সরিয়ে ফেলা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বলেন, বাবুল নামের এক ঠিকাদারসহ কয়েকজন প্রভাবশালীকে প্রত্যেক বাড়ির জন্য ৫০ থেকে এক লাখ টাকা দিয়ে কয়েক মাস আগে এসব সংযোগ নেওয়া হয়েছিল। তখন তাঁদের বলা হয়েছিল, একসময় এসব লাইন সরকার বৈধ ঘোষণা করে দেবে।
তিতাস গ্যাসের সাভার আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবু জাফর সুলতান আহমেদ বলেন, অবৈধ লাইন বিচ্ছিন্নকরণ একটি চলমান প্রক্রিয়া। দু-এক দিনের মধ্যে আশুলিয়ার কাইচাবাড়িসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হবে।