আশুলিয়ায় সরকারি জমি দখল করে আবাসন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ায় অধিগ্রহণকৃত সরকারের ১৫০ বিঘা (প্রায় ৫৩ একর) জমি বেদখল হয়ে যাচ্ছে। ভুয়া কাগজপত্র বানিয়ে ওই জমিতে আবাসন প্রকল্প তৈরির চেষ্টা করছে প্রভাবশালী ব্যক্তিরা। এর পরও সরকারের পক্ষ থেকে ওই জমি রক্ষায় কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, সাভারের আশুলিয়া থানার সেনওয়ালিয়া মৌজায় স্থানভেদে প্রতি শতাংশ জমির দাম প্রায় পাঁচ লাখ টাকা। সেই অনুযায়ী ১৫০ বিঘা জমির দাম ২২৫ কোটি টাকা।
সাভার উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭৬ সালে জাতীয় স্মৃতিসৌধ ও সেনানিবাসসহ সরকারি বিভিন্ন স্থাপনা নির্মাণের জন্য ঢাকার তৎকালীন জেলা প্রশাসক আশুলিয়ায় কয়েক শ একর জমি অধিগ্রহণ করেন। এর মধ্যে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে ২০ গজ দূরে গল্ফ ক্লাবসংলগ্ন সেনওয়ালিয়া মৌজায় ৫৩ দশমিক ৩৬ একর জমিও রয়েছে। ১৯৮২ সালে তৎকালীন জেলা প্রশাসন থেকে ওই জমি থেকে ৪১ দশমিক ৯১ একর মাত্র তিন লাখ ৬৫ হাজার ২৯৬ টাকায় স্থায়ী বন্দোবস্ত নেয় চাঁদ গ্রুপের জালালাবাদ ব্রিকস অ্যান্ড টাইলস ইন্ডাস্ট্রি।
অনুসন্ধানে জানা গেছে, ৪১ দশমিক ৯১ একর জমি বরাদ্দ দেওয়া হলেও জালালাবাদ ব্রিকসের নামে আরএস খতিয়ানে ২৪ দশমিক ৮৩ একর জমি রেকর্ড হয়। বাকি ১৭ দশমিক ০৪ একর জমির মধ্যে ১৪ দশমিক ০৮ একর চাঁদ গ্রুপের তিন পরিচালক আলী আহমেদ, সালেহ আহমেদ ও আহমেদ ফজলুর রহমানসহ তাঁদের সাত বোনের নামে রেকর্ড হয়। বাকি তিন একর জমি অধিগ্রহণের আগের মালিকদের নামে রেকর্ড হয়।
প্রতিষ্ঠানের নামে বরাদ্দ নিয়ে পরিচালকদের নামে জমি রেকর্ড করা বৈধ কি না, এমন প্রশ্নের জবাবে চাঁদ গ্রুপের ভূমিবিষয়ক কর্মকর্তা আবদুস সামাদ দাবি করেন, চাঁদ গ্রুপের প্রতিষ্ঠান জালালাবাদের নামে সরকার ভূমি বন্দোবস্ত দিয়েছে। সুতরাং পরিচালকদের নামে ওই জমি রেকর্ড করাতে কোনো সমস্যা নেই।
তবে সাভারের সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত আলী বলেন, প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেওয়া জমি ব্যক্তির নামে রেকর্ডভুক্ত হওয়ার বিষয়টি অসংগতিপূর্ণ মনে হলেও কী অবস্থায়, কেন রেকর্ড হয়েছে, তা তদন্ত ছাড়া বলা যাবে না।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১১ সালে একটি প্রভাবশালী মহল জালালাবাদ ব্রিকসকে বরাদ্দ দেওয়া জায়গাসহ সরকারের অধিগ্রহণ করা প্রায় ১৫০ বিঘা জমি দখল করে ‘নোফেল ডিজিটাল সিটি’ নামের একটি আবাসন প্রকল্পের সাইনবোর্ড টাঙিয়ে দেয়। তারা তিন, চার, পাঁচ ও ছয় কাঠার ২৬৫টি প্লট করে ওই জমি বিক্রির চেষ্টা করে। প্রাচীর ও কাঁটাতারে ঘেরা জায়গার এক কোণে ছিল আবাসন প্রকল্পের কার্যালয়। প্রায় দুই বছর আগে পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানের সব স্থাপনা ভেঙে দিলে জালালাবাদ ওই জমির দখলে যায়। সেখানে মোতায়েন করা হয় ১০ জন আনসার সদস্য।
জালালাবাদ কর্তৃপক্ষ অভিযোগ করে, তাদের কিছু না জানিয়ে গত বছরের ৫ অক্টোবর আনসার সদস্যদের প্রত্যাহার করে নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর কয়েক দিন পরই নোফেল ডিজিটাল সিটি কর্তৃপক্ষÿআবার ওই জমি দখল করে। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক এবং শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ ওরফে জাপানি ফারুক দখলে সহায়তা করেন। তাঁর বাড়ি গোপালগঞ্জ।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, মহাপরিচালকের নির্দেশে ওই জমি থেকে দুই ঘণ্টার মধ্যে আনসার সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। এর বাইরে তিনি কিছু জানেন না।
জালালাবাদ কর্তৃপক্ষ আরও অভিযোগ করে, গত ১৮ মে রিমেক্স লিবার্টি সিটি নামের আরেকটি আবাসন প্রকল্পের নামে জাপানি ফারুক পুরো জমি দখল করেন। এ ঘটনায় জাপানি ফারুকসহ ১০ জনকে আসামি করে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে নোফেল সিটির সহকারী নিরাপত্তা কর্মকর্তা দুলাল কবিরাজ ২০ মে আশুলিয়া থানায় মামলা করেন।
ফারুক অভিযোগ অস্বীকার করে বলেন, নোফেল ও রিমেক্স লিবার্টির সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। তিনি কাউকে জমি দখলে সহায়তা করেননি। তাঁর বিরুদ্ধে মামলার বিষয়েও তিনি কিছু জানেন না।
এ বিষয়ে কথা বলতে নোফেল সিটির ব্যবস্থাপনা পরিচালক আহম্মেদ করিমের মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। কথা বলার জন্য রিমেক্স লিবার্টি সিটির কোনো কর্মকর্তাকেও পাওয়া যায়নি।
চাঁদ গ্রুপের পরিচালক ইশতিয়াক আহমেদ অভিযোগ করেন, সরকারি তদারকির অভাবে কিছু জমি আগের মালিকদের নামে রেকর্ড হয়। এ সুযোগে কিছু অসাধু ব্যক্তি ওই জমি নিজেদের দাবি করে প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে তা দখলের চেষ্টা করছে। তিনি বলেন, জমি অধিগ্রহণ করে সরকার মূল্য পরিশোধের পর আগের মালিকদের ওই জমিতে আর কোনো স্বত্ব থাকে না।
সহকারী কমিশনার লিয়াকত আলী বলেন, দুটি আবাসন প্রকল্পের নামে জমি দখলের বিষয়টি তাঁরা তদন্ত করছেন। যেসব প্রতিষ্ঠান জমির দখলে আছে তারা এর মালিক কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে।