আশুলিয়ায় ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার বাইপাইল থেকে গত শনিবার রাতে ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে র‌্যাব।
র‌্যাব সূত্রে জানা গেছে, খবর পেয়ে র‌্যাব-১-এর সদস্যরা শনিবার রাতে রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টর থেকে একটি মাইক্রোবাসসহ চালক আবদুল আলীম শেখকে (৫০) আটক করেন।
তাঁর দেওয়া তথ্য অনুসারে, র‌্যাব ওই দিন রাত সাড়ে তিনটার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় তল্লাশিচৌকি বসায়। এরপর একটি বাসে তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে। এ সময় ওই বাসের চালকের সহকারী শাজাহান আলীকে আটক করা হয়।
র‌্যাব-১-এর উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কাজী মো. শোয়াইব গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে প্রথম আলোকে জানান, আবদুল আলীম দীর্ঘদিন ধরে মাইক্রোবাসে করে কক্সবাজার থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ইয়াবা পাচার করছিল। র‌্যাবের তৎপরতা টের পেয়ে আলীম সিদ্ধান্ত পরিবর্তন করে বাসে করে ইয়াবা পাচার করছিল। আর এ কাজে তাকে সহায়তা করে শাজাহান।
ইয়াবার চালানটি চাঁপাইনবাবগঞ্জের নুরু ও আক্তার নামে দুই মাদক ব্যবসায়ীর কাছে পৌঁছানোর কথা ছিল। এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।