আশুলিয়ার টেঙ্গুরিয়ায় অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের নাগরপুরের ইয়াসিন মিয়া বসবাস করেন ঢাকার আশুলিয়ার টেঙ্গুরিয়া এলাকার বড় টেক গ্রামে। ওই গ্রামে জমি কিনে বছর তিনেক আগে একটি আধপাকা বাড়িও নির্মাণ করেছেন। ওই বাড়িতে তিতাস গ্যাসের সংযোগও নিয়েছেন তিনি। কিন্তু সংযোগের কোনো কাগজপত্র নেই। 
ইয়াসিন বলেন, পাশের বাড়ির শফিউল আলম নামে এক ব্যক্তিকে ৭৫ হাজার টাকা দিয়ে দিন পনেরো আগে তিনি অবৈধভাবে সংযোগ নিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী ওই গ্রামের আরও শতাধিক লোক একইভাবে টাকার বিনিময়ে তিতাসের অবৈধ সংযোগ নিয়েছেন। এখনো অনেকে সংযোগ নিচ্ছেন।
গত বৃহস্পতিবার ইয়াছিনের প্রতিবেশী নিতাই চন্দ্র দাসের বাড়িতে গ্যাসের সংযোগ দিতে দেখা যায়।
বাড়ির তত্ত্বাবধায়ক নাম প্রকাশ না করে বলেন, তাঁদের বাড়িতে গ্যাস সংযোগের জন্য শফিউলের মাধ্যমে শওকত হোসেন নামের এক ব্যক্তিকে তাঁরা ৪০ হাজার টাকা দিয়েছেন।
অবৈধ সংযোগ নিয়েছেন এমন কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্যাস সংযোগে পারদর্শী মানিক মিয়া নামে এক ব্যক্তি বাড়ি বাড়ি অবৈধ সংযোগের কাজ করে দিচ্ছেন। তাঁকে সহায়তা করছেন স্থানীয় শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হোসেন ও তাঁর শ্যালক আবদুস ছালাম। সম্প্রতি পুলিশ ছালামকে আটকও করেছিল।
মানিক মিয়া বলেন, শওকত হোসেনের কথামতো তিনি অবৈধ সংযোগ দেন। এ জন্য সংযোগপ্রতি তাঁকে ১৭ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হয়।
এদিকে এলাকার একাধিক ব্যক্তি অভিযোগ করেন, অবৈধ সংযোগের এই কার্যক্রমের সঙ্গে তিতাসের এক শ্রেণির কর্মকর্তাও জড়িত রয়েছেন।
সাভার তিতাসের ব্যবস্থাপক আফতাব উদ্দিন বলেন, বারবার তাগিদ দেওয়ার পরেও ম্যাজিস্ট্রেট না দেওয়ায় টেঙ্গুরিয়াসহ আশুলিয়ার বিভিন্ন এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করণের অভিযান চালানো সম্ভব হচ্ছে না। তিনি অবৈধ সংযোগ প্রক্রিয়ার সঙ্গে তিতাসের কোনো কর্মকর্তা বা কর্মচারীর জড়িত থাকার কথা অস্বীকার করেন।