আশুলিয়া ও কেরানীগঞ্জে তিনজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার উত্তর রোয়াইল গ্রামসংলগ্ন শুকনার বিল থেকে গতকাল বৃহস্পতিবার সকালে গুলিভর্তি একটি রিভলবারসহ অজ্ঞাতনামা আরও একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে বুধবার বিকেলে একই স্থান থেকে গুলি ও অস্ত্রসহ আরেক যুবকের লাশ উদ্ধার হয়।
এদিকে কেরানীগঞ্জে গতকাল দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আমবাগিচা বালুর মাঠ এলাকা থেকে লাল চাঁন (৩০) নামের এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর বুকে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
অপরদিকে বুধবার কেরানীগঞ্জ মডেল থানাধীন বুড়িগঙ্গা নদীর আশ্রাফাবাদ ঘাট এলাকা থেকে অজ্ঞাতনামা (৪০) আরেকজনের লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আশুলিয়া থানার পুলিশ জানায়, গতকাল সকালে এলাকাবাসী শুকনার বিলে এক যুবকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় লাশের কোমরে ছয়টি গুলিভর্তি একটি রিভলবার পাওয়া যায়। যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। এর আগে বুধবার একই স্থানে একই বয়সের আরও এক যুবকের লাশ পাওয়া যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, নিহত ব্যক্তিরা যে সন্ত্রাসী দলের সদস্য, তাতে কোনো সন্দেহ নেই। তবে তাঁদের কেন এবং কীভাবে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তাঁদের শরীরে কোনো ক্ষতচিহ্নও নেই।