আশুলিয়া ও মুন্সিগঞ্জে দুজনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার চারিগ্রামে নূরুন্নবী নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার সিংহেরহাটি এলাকায় পদ্মা নদী থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
আশুলিয়া থানার পুলিশ জানায়, গতকাল সকালে বাসা থেকে প্রায় ৫০০ গজ দূরে জঙ্গলের মধ্যে নূরুন্নবীর (২৭) লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। তাঁর মাথা ও ঘাড়ে বেশ কয়েকটি কোপের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
এদিকে গতকাল দুপুরে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার সিংহেরহাটি এলাকায় নদীতে এক যুবকের গলাকাটা লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।