তিন বেসরকারি মেডিকেল কলেজ বন্ধের নির্দেশ
আশুলিয়া ও রংপুরে ক্যাম্পাসে ভাঙচুর, পুলিশের সঙ্গে সংঘর্ষ
নীতিমালা ভঙ্গের দায়ে তিনটি মেডিকেল কলেজের কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশের পর গতকাল মঙ্গলবার ঢাকা ও রংপুরের দুটি কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ভাঙচুর চালিয়েছেন। এর মধ্যে ঢাকার আশুলিয়ার নাইটিঙ্গেল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধও করেন। পরে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ৩৭ জন।
রংপুরে নর্দার্ন মেডিকেল কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ভাঙচুর চালিয়েছেন।
মেডিকেল কলেজ পরিচালনার নীতিমালা ভঙ্গ করায় গত রোববার তিনটি বেসরকারি মেডিকেল কলেজের কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। কলেজগুলো হচ্ছে রংপুরের নর্দার্ন মেডিকেল কলেজ, গাজীপুরের সিটি মেডিকেল কলেজ ও আশুলিয়ার নাইটিঙ্গেল মেডিকেল কলেজ।
আশুলিয়া থানা-পুলিশ জানায়, কলেজের কার্যক্রম বন্ধের ঘোষণা গণমাধ্যমে প্রচার হওয়ার পর রোববার রাত আটটার দিকে নাইটিঙ্গেল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। একপর্যায়ে তাঁরা প্রশাসনিক কর্মকর্তা নূর ইমাম মেহেদি হাসানকে
অবরুদ্ধ করেন। খবর পেয়ে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়ূন জামান চৌধুরী ক্যাম্পাসে গেলে শিক্ষার্থীরা তাঁকেও অবরুদ্ধ করে রাখেন। শিক্ষার্থীরা তাঁদের কাছে পাঁচ দফা দাবি তোলেন। পরে অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধারে পুলিশ গেলে শিক্ষার্থীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
শিক্ষার্থীরা জানিয়েছেন, গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে এমডি হুমায়ূন জামান চৌধুরী কৌশলে ক্যাম্পাস থেকে বেরিয়ে অটোরিকশায় করে ঢাকায় যাওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে তাঁকে আশুলিয়ার মরাগাঙ এলাকা থেকে ধরে আবার ক্যাম্পাসে নিয়ে আসেন শিক্ষার্থীরা।
গতকাল ভোরে পুলিশ দুই কর্মকর্তাকে উদ্ধারের জন্য নাইটিঙ্গেল মেডিকেল কলেজ ক্যাম্পাসে যায়। ভোর সাড়ে চারটার দিকে বিপুলসংখ্যক পুলিশ ক্যাম্পাস ঘিরে ফেলে। পুলিশের একটি দল দুই কর্মকর্তাকে উদ্ধারের চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীরা বাধা দিলে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও রাবার বুলেট দিয়ে গুলি করলে তাঁরা ক্যাম্পাস থেকে বের হয়ে যান। ৩২ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে পুলিশ দুই কর্মকর্তাকে উদ্ধার করে।
এরপর শিক্ষার্থীরা আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। সেখানে গিয়ে পুলিশ তাঁদের ধাওয়া করলে আবার সংঘর্ষ বাধে। এ সময় দুই পুলিশ কর্মকর্তা, ১৫ কনস্টেবল ও ২০ শিক্ষার্থী আহত হন। আহত শিক্ষার্থীদের মধ্যে আটজন গুলিবিদ্ধ হয়েছেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, অবরুদ্ধ এমডি ও প্রশাসনিক কর্মকর্তাকে উদ্ধার করতে গেলে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পুলিশসহ অনেকে আহত হন।
কলেজের এমডি হুমায়ূন জামান চৌধুরী বলেন, ‘পুলিশের সহায়তায় ৩২ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্তি পেয়েছি। এরপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
এদিকে রংপুরে নর্দার্ন মেডিকেল কলেজের কার্যক্রম সাময়িক বন্ধের ঘোষণায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল দুপুরে চেয়ারম্যান রোকেয়া লাভলীর কার্যালয় ও ক্যাম্পাসে অবস্থিত তাঁর বাসায় ভাঙচুর করেছেন।
কলেজের কার্যক্রম হঠাৎ বন্ধ ঘোষিত হওয়ায় এখানকার ৪০০ শিক্ষার্থী তাঁদের শিক্ষাজীবন নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। নর্দার্ন মেডিকেল কলেজ সূত্র জানায়, এই কলেজে বিদেশি ৩০ জন শিক্ষার্থীসহ ৪০০ শিক্ষার্থী রয়েছে। সেই সঙ্গে কলেজ ও হাসপাতালে কর্মকর্তা-কর্মচারী রয়েছেন ৪০০ জন।
এ কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম এক মাস পরে ফাইনাল পরীক্ষায় অংশ নিতেন। এভাবে হঠাৎ বন্ধের ঘোষণায় একেবারে ভেঙে পড়েছেন সাইফুল। তিনি বলেন, ‘কয়েক বছর ধরে এখানে পড়ালেখা করছি। তেমন কোনো অসুবিধা হয়নি। এখন ফাইনাল পরীক্ষার আগে এই ঘটনায় পুরো শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে গেল।’
নর্দার্ন মেডিকেল কলেজের পরিচালক সেরাফুল হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কোনো প্রকার সমস্যা থাকলে তা সমাধানের জন্য সময় দেওয়ার প্রয়োজন ছিল। এখানে ৪০০ শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারী রয়েছে ৮০০ জন। কোনো কিছু না জানিয়ে হঠাৎই এমন সিদ্ধান্তে সবাই হতভম্ব হয়ে পড়েছেন।
কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান বলেন, ‘এখনো মন্ত্রণালয়ের কোনো লিখিত নির্দেশনা পাওয়া যায়নি। গণমাধ্যম থেকে জানতে পেরেছি। তবে উদ্ভূত সমস্যা সমাধানে চেয়ারম্যানসহ পরিচালকেরা ঢাকায় গেছেন।’
প্রতিষ্ঠানের চেয়ারম্যান রোকেয়া লাভলীর সঙ্গে তাৎক্ষণিকভাবে কথা বলা সম্ভব হয়নি।